গাজীপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিয়ালের কামড়ে আতঙ্কিত গ্রামবাসী রোববার তিনটিকে পিটিয়ে মেরেছে।
বিকালে কিত্তার পুকুরপাড়, ভাংনাহাটি ও কাওরাইদের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
গত একমাসে উপজেলার মাধখলা, বৈরাগীরচালা, ওয়েদ্দাদিঘী, কাওরাইদের বয়রাসহ বিভিন্ন স্থানে শেয়ালের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা খলিলুর রহমান জানান, সম্প্রতি শেয়ালের কামড়ে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের জলাতঙ্কের টিকা নেওয়ার পরামর্শ দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান জানান, ব্যাপকহারে মানুষ কামড়ানোর কারণে ধারণা করা হচ্ছে ওই শিয়াল জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকতে পারে।
স্থানীয় আইনজীবী পিয়ারু মণ্ডল জানান, সম্প্রতি শেয়ালের কামড়ে আহত হয়ে তাদের এলাকার অন্তত আটজন ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্র চিকিৎসা নিয়েছেন। এ কারণে এলাকার লোকজন আতঙ্কে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24