২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কের একটি বাড়ি থেকে পাঁচ দিন আগে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কের একটি বাড়ি থেকে পাঁচ দিন আগে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিন ও রাতে নগরী এবং বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের প্রায় ১৬ ভরি স্বর্ণ উদ্ধারের পর শনিবার বিকেলে গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (এসি) আবদুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- মো ফরিদ (২০), সাহেনা আক্তার (৪৫), জান্নাতুল ফেরদৌস (২২) ও মনির আহম্মদ। গত সোমবার জাকির হোসেন সড়কের মো. নাছির উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৩০ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা চুরির কথা বলা হয়। গ্রেপ্তারদের মধ্যে ফরিদ নাছির উদ্দিনের পরিবারের গৃহপরিচারক। সাহেনা আক্তার ফরিদের মা এবং জান্নাতুল ফেরদৌস ফরিদের খালা। মনির আহম্মদ গৃহকর্তা নাছির উদ্দিনের গাড়িচালক। এসি মাহমুদ জানান, ওইদিন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ফরিদ স্বর্ণালঙ্কার চুরি করেছিল। "বান্দরবান জেলার আলীকদমের রেফারফারি এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে ফরিদ ও তার মা সাহেনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।" এসময় তাদের কাছ থেকে ১৪ ভরি ৭ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে জান্নাতুল ফেরদৌসকে নগরীর বায়েজীদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও এক ভরি দুই আনা স্বর্ণালঙ্কর উদ্ধার করা হয়। খুলশী থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলশী এলাকা থেকে গাড়িচালক মনির আহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, মামলায় ৩০ ভরি স্বর্ণালংকারের কথা বলা হলেও গ্রেপ্তাররা বলছেন তারা ১৮ ভরি স্বর্ণালংকার চুরি করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/পিডি/২১১৭ ঘ.