ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চারদলের ডাকে ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয়দিন বৃহস্পতিবার রাজধানীতে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এদের মধ্যে তিন জনকে চকবাজার থানার সোয়ারিঘাট এলাকা থেকে এবং তেজগাঁও ও মতিঝিল এলাকা থেকে বাকি দুই জনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এসএম মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে ওই পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদে বুধবার থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে বিএনপিসহ চারদল। হরতালের আগের দিন মঙ্গলবার থেকেই রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে নামে। ওইদিন রাজধানীর বিভিন্ন স্থানে আট জনকে এক মাস থেকে এক বছর সাজা দেওয়া হয়। আর হরতালে প্রথম দিনে সাজা দেওয়া হয় ২১ জনকে।
গত ১২ ও ১৩ জুন ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি। ওই হরতালকে ঘিরে সারা দেশে শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। হরতালের আগে বা হরতালের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের ঘটনা সেটিই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২১৯ ঘ.
bdnews24