গাজীপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
তার নাম আকরাম হোসেন (২৮)। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি এশিয়ান ইউনিভার্সিটির এমবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহানাজ জমির জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী স্টেশন রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুর গামী একটি বাস তাকে চাপা দেয়।
পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।
আকরামের বাড়ি পাবনার বেড়া উপজেলার খানপুরা গ্রামে। পিতার নাম মো. হাতেম আলী। তিনি টঙ্গীর দক্ষিণ আরিচপুরে থাকতেন এবং ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন।
এ ব্যাপারে তার ভগ্নিপতি আ. সাত্তার বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২৭ ঘ.
bdnews24