২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ কোটি ডলার ঋণ প্রকল্প চূড়ান্ত হবে মনমোহনের সফরের আগেই

ভারত সরকারের প্রতিশ্র"ত একশ' কোটি ডলার ঋণের আওতায় প্রস্তাবিত সব প্রকল্প ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 05:44 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সরকারের প্রতিশ্র"ত একশ' কোটি ডলার ঋণের আওতায় প্রস্তাবিত সব প্রকল্প ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন মুহিত। তিনি বলেন, ৯৬ কোটি ১০ লাখ ডলার ব্যয়ে ২০টি প্রকল্প অনুমোদন করেছে একনেক। এগুলোর মধ্যে 12টি প্রকল্পে ভারত সরকার সম্মতি দিয়েছে। সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে বাকি প্রকল্পগুলোও নয়া দিল্লির অনুমোদন পাবে। তিনি বলেন, "সব উন্নয়ন সহযোগীর কাছ থেকে ঋণ নেওয়ার ব্যাপারে আমাদের একটি ব্যবস্থা প্রচলিত আছে। তবে এবারই প্রথম ভারতের কাছ থেকে আমরা এ ধরনের বড় অংকের অর্থ নিচ্ছি।" এই কারণে প্রক্রিয়াগত কিছু বিষয় ঠিকমতো অনুসরণ করা হয়নি। তবে দুপক্ষই এখন সেগুলো চূড়ান্ত করতে কাজ করছে। অর্থমন্ত্রী বলেন, "অর্থগ্রহণকারী সংস্থাগুলো ও ভারতীয় প্রতিনিধিরা বসে এ ব্যাপারে যে কোনো বিতর্ক নিরসন করবে। ভারতীয় প্রধানমন্ত্রী এলে একথা বলা যাবে যে, একশ' কোটি ডলার ঋণের প্রতিশ্র"তি পূরণ হয়েছে।" গত বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় বাংলাদেশকে একশ' কোটি ডলার ঋণ দিতে রাজি হয় ভারত সরকার। সেবছর অগাস্টে ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির ঢাকা সফরকালে দুদেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। ট্রানজিট অর্থমন্ত্রী মুহিত জানান, কয়েকটি প্রকল্প ট্রানজিট সংক্রান্ত এবং এ সুবিধা দিয়ে এ অঞ্চলের একটি 'অর্থনৈতিক কেন্দ্রে' পরিণত হতে চায় বাংলাদেশ। দুটি অর্থনৈতিক পরাশক্তি ভারত ও চীনের মধ্যে বাংলাদেশের অবস্থান এবং এসব দেশকে আকর্ষণ করার মতো বেশ কিছু সম্পদ রয়েছে ঢাকার। মুহিত বলেন, "বাংলাদেশ শুধু ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ চায় না। মিয়ানমার, থাইল্যান্ড ও চীনের সঙ্গেও যোগাযোগ হবে। "এ কারণে বাংলাদেশের জন্য ট্রানজিট খুবই গুরুত্বপূর্ণ। এ সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম ও খুলনা বন্দরের উন্নয়ন করতে হবে।" মন্ত্রী জানান, আখাউড়া-আগরতলা রেল সংযোগ স্থাপনের কাজে অগ্রগতি হয়েছে। তবে কুলাউড়া-মহিষাসুর রেল সংযোগও চায় সরকার। ট্রানজিট মাশুলের বিষয়ে মন্ত্রী জানান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমানের নেতৃত্বাধীন কমিটি এ বিষয় নিয়ে কাজ করছে। তাদের প্রতিবেদন জমা দেওয়ার আগে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। বিদ্যুৎ খাতে সহযোগিতা অর্থমন্ত্রী জানান, ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। চলতি মাসেই এ সংক্রান্ত চুক্তি হতে পারে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়টিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের যৌথ ঘোষণা অনুযায়ী ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্য ও বিনিয়োগ অর্থমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে এবং এ ঘাটতি কমানোর একটি উপায় হচ্ছে প্রতিবেশি দেশকে এখানে বিনিয়োগে উৎসাহিত করা। তিনি বলেন, "বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন ও শিল্প খাতে আমাদের বিনিয়োগ দরকার।" মন্ত্রী জানান, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে ইতিবাচক কিছু হবে বলে আশা করা হচ্ছে। মুহিত বলেন, ভারত ৬১টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলে সেখানে রপ্তানির পরিমাণ বাড়বে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা বলেন, বাংলাদেশি অর্থমন্ত্রীর সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে। "আমরা বাণিজ্য ও একশ' ডলারের ঋণ নিয়ে আলোচনা করেছি। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কাজ করছি আমরা।" বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩৩৪ ঘ.