নোয়াখালী, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে লাঠিপেটার প্রতিবাদে সেনবাগে বিএনপির ও এর সহযোগী সংগঠনের মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে।
সেনবাগ ফারুকের নির্বাচনী এলাকা।
সন্ধ্যা সাতটার দিকে শহরের উত্তর শাহাপুর, অর্জুনতলা ও বিন্নাগনির বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। শাহাপুর থেকে আসা মিছিলটি ডাকবাংলোর পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের একটি হরতাল বিরোধী মিছিল থেকে তাতে হামলা চালানো হয়।
এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজ, যুবদল কর্মী মো. হুদন ও মো. রাশেলসহ পাঁচজন এবং যুবলীগের মো. রিপন, মো. সাখাওয়াত ও ছাত্রলীগের মো. রনি আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ছাড়া শহরের বিন্নাগনি ও অর্জুনতলা এলাকা থেকে আসা দুটি মিছিল লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির জানান, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিনা উস্কানিতে মিছিলে হামলা চালিয়েছে।
সেনবাগ থানার ওসি রতন দাস গুপ্ত জানান, পুলিশ দুই পক্ষকেই লাঠিপেটা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২২৬ ঘ.
bdnews24