সিলেট, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড- জিটিসিএল'র পাইপলাইন ফুটো হয়ে বেরিয়ে যাচ্ছে অপরিশোধিত জ্বালানি তেল।
বুধবার সকাল থেকে উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে জিটিসিএলের একটি পাইপলাইন ফুটো হয়ে অবিরাম তেল পড়ছে বলে স্থানীয়রা জানায়।
জিটিসিএল'র উপমহাব্যবস্থাপক মো. আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইন ছিদ্র করে তেল চুরি করার ফলে এ ঘটনা ঘটতে পারে।
এ পাইপলাইন দিয়ে অপরিশোধিত তেল সিলেটের কৈলাসটিলা গ্যাসফিল্ড থেকে পরিশোধনের জন্য আশুগঞ্জে পাঠানো হয়।
"পাইপলাইন মেরামতের জন্য আশুগঞ্জ থেকে টেকনিক্যাল টিম আসছে। হরতালের কারণে তাদের পৌঁছাতে দেরি হচ্ছে", বলেন আহাদ।
এদিকে সকাল থেকে হাজার হাজার লোক তেল সংগ্রহ করতে ওই এলাকায় ভিড় করেছেন।
এ প্রসঙ্গে আহাদ বলেন, "এটি বিপজ্জনক। এছাড়া পরিশোধনের আগে এ তেল ব্যবহারও করা যাবে না।"
কী পরিমাণ তেল নষ্ট হয়েছে, এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে গোলাপগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ওই এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ মোতায়েন করা হয়েছে। তেল সংগ্রহ করতে ভিড় করা লোকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.
bdnews24