ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাপ্তাহিক ছুটিতে বিচারকদের কর্মস্থল ত্যাগ ঠেকাতে কঠোরভাবে তদারকি করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
শনিবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের দেওয়া এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, "সপ্তাহ শেষে বিচাকদের নিজের কর্মস্থালে না থাকার বিষয়টি আমাকে কষ্ট দেয়। অকারণে যেন তারা স্টেশন ত্যাগ করতে না পারেন, সে জন্য নির্দেশনা যাবে। সুবিচার ও বিচার বিভাগের শৃঙ্খলার স্বার্থে এটা করার কোনো বিকল্প দেখছি না। শক্তভাবে এ বিষয়টি তদারকি করতে হবে।"
বিচারকরা সারা সপ্তাহ শুনানি করেন বলে এ সময়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না উল্লেখ করে তিনি বলেন, "তারা বৃহস্পতিবার বিকেলে কর্মস্থল ত্যাগ করেন, রোববার দুপুরে কর্মস্থলে যোগ দেন।"
বিচারপতি মোজাম্মেল বলেন, "আমরা জেনেছি, মধ্যাহ্ন বিরতির পর অনেক বিচারক এজলাসে বসেন না। জেলা জজ হলে তো কথাই নেই। অলিখিতভাবে তার না বসাই একটা রেওয়াজ হয়ে গেছে।"
নিজে নির্ধারিত সময়ে কাজ না করলে অধস্তনদের কাছ থেকেও কাজ আদায় করা যায় না উল্লেখ করে তিনি বলেন, "এতে শৃঙ্খলা রক্ষা হবে না। এজলাসে না বসা- এটা মেনে নেওয়ার মতো নয়।"
প্রধান বিচারপতি বলেন, "শুধু মহিলা বিচারক নয়, সবারই নানা সমস্যা আছে। তবে মহিলাদের সমস্যা একটু ভিন্ন। তাদের কর্মকর্তা, মা ও স্ত্রী- এই তিন অবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। এসব বুঝলেও এর কোনো বৈপ্লবিক সমাধান সম্ভব নয়। তবে জরুরি বিষয়গুলো আমরা সমাধানের চেষ্টা করবো।"
মানবিক দিক বিবেচনা করে নারী বিচারকদের বিভিন্ন সমস্যা সমাধানেরও প্রতিশ্র"তি দেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, "বয়স কম না বেশি, আচরণ ভালো কি মন্দ, ব্যক্তিগত সুবিধা-অসুবিধা প্রধান্য না দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। কোনো সমস্যাই বিচার ব্যবস্থাকে ব্যাহত করতে পারে না। ব্যক্তিগত সমস্যাকে প্রাধান্য না দিয়ে সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে।"
আপিল বিভাগের বিচারপতি ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এসকে সিনহা অনুষ্ঠানে বলেন, সরকারের অন্যান্য বিভাগে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার বিধান আছে। বিচার বিভাগে গ্রেডেশনের ভিত্তিতে পদোন্নতি হয়। এ বিভাগেও পদোন্নতির জন্য লিখিত পরীক্ষার বিধান করা হলে আর কোনো অসুবিধা থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা, আব্দুল ওয়াহহাব মিয়া, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন, মো. শামসুল হুদা, প্রধান বিচারপতির সহধর্মিনী ডা. গুলশান আরা, হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫৩৬ ঘ.
bdnews24