বরিশাল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার লাশবাহী অ্যাম্বুলেন্সে গাছ ভেঙে পড়ে ছেলের মৃত্যু হয়েছে। আহত হয় অ্যাম্বুলেন্স চালকসহ তিনজন।
শনিবার বিকালে ঝালকাঠি সদর উপজেলার প্রতাপ এলাকায় এই দুর্ঘটনায় মারা যায় আশিক (১২) নামের এক কিশোর।
আহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক হানিফ, সহকারী রাকিব ও অজ্ঞাতনামা এক পথচারী। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশিক ভান্ডারিয়া উপজেলার আকন বাড়ির সদ্য প্রয়াত জাকির হোসেন আকনের ছেলে।
আশিকের ভাই আরিফিন জানান, তাদের বাবা জাকির হোসেন আকন (৫১) শুক্রবার রাতে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
অ্যাম্বুলেন্সযোগে তার মৃতদেহ গ্রামের বাড়ি ভা-ারিয়ায় নিচ্ছিলেন।
সকালে তারা ঢাকা থেকে রওয়ানা দেন। বিকাল ৪টার দিকে ঝালকাঠির প্রতাপ এলাকা অতিক্রম করার সময় অ্যাম্বুলেন্সটির উপর রাস্তার পাশের একটি গাছ উপড়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই আশিক মারা যায়।
ঝালকাঠি সদর থানার ওসি আবুল খায়ের জানান, আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৩২ ঘ.
bdnews24