মো. মহিউদ্দিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "পাহাড় ধসে পড়ার শব্দ শুনে দৌড়েও রক্ষা হয়নি। মাটির সঙ্গে দুই পা এক হাত আটকে যাওয়ায় বের হতে পারছিলাম না। মনে করেছিলাম বাঁচবো না। তবে আল্লাহর রহমত। গাছের আড়ালে থাকাতে প্রাণে বেঁচে গেলাম।"
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের বেডে শুয়ে কথাগুলো বলছিলেন আনোয়ার হোসেন (৩২)।
শুক্রবার সকালে টাইগারপাস বাটালি হিলে দেয়াল চাপা পড়ে পাঁচ ঘণ্টা আটকে থাকার পর বেলা ১১টার দিকে ডান পা ভাঙা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তার স্থান হয়েছে চমেক হাসপাতালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধসের মুহূর্তের কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলো আনোয়ারের কণ্ঠ। ভয় তার চোখে-মুখে।
"মনে করেছিলাম আর বাঁচবো না। তবে একটি গাছের কারণে বেঁচে গেলাম।"
আনোয়ারের ছোট ভাই গার্মেন্ট কর্মী মিজান জানান, তিন মাস আগে বাটালি হিলের পাহাড়ের দেয়াল ঘেষে গড়ে ওঠা বস্তির পাশাপাশি দুটি কক্ষে উঠেন তারা। বাসায় দুই ভাই এবং তাদের স্ত্রী ও আনোয়ারের ২ বছরের এক সন্তান থাকতো।
রেয়াজুদ্দিন বাজারে একটি মুরগির দোকানে কাজ করেন আনোয়ার।
মিজান জানান, তারা দুই ভাই এবং তিন বোন। এরমধ্যে এক বোনের বিয়ে হয়েছে। বাকি দুই বোন ও বাবা মা গ্রামের বাড়িতে থাকে। ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের বড়বির গ্রামে তাদের বাড়ি।
ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসের কারণ জানতে চাইলে আনোয়ার বলেন, "বস্তি এলাকায় কেউই থাকতে চায় না। আমাদের আয় কম। তাই ইচ্ছে থাকলেও ভাল বাসায় থাকতে পারি না। যাদের আয় বেশি তারা তিন-চার হাজার টাকা দামের বাসায় থাকে।"
টানা দুই দিনের বৃষ্টির কারণে খালার বাসায় যাওয়ার জন্য ঘরের জিনিসপত্র বৃহস্পতিবার রাতেই গুছিয়ে রেখেছিলেন তারা। তবে রাতে খুব বেশি বৃষ্টি হওয়ায় আর বের হতে পারেননি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/২১১৪৮ ঘ.
bdnews24