২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনের প্রতিবাদে চট্টগ্রাম বিএনপির বিক্ষোভ

সংবিধানের পঞ্চদশ সংশোধন বিল বাতিলের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 05:05 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধন বিল বাতিলের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পাসের মধ্য দিয়ে অবসান ঘটলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির। বিরোধী দলের অনুপস্থিতিতেই বিলটি পাস হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করে ২৫ জুন সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপন করা হয়। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশের জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়। দুই দিন বৈঠক করে প্রতিবেদন চূড়ান্ত করে বুধবার তা সংসদে পেশ করা হয়। বিএনপি সংবিধান সংশোধনের তীব্র বিরোধিতা করে আসছে। নগরীর কাজির দেউড়ি চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপি'র সহ-সভাপতি শামসুল আলম। সভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপি'র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। তিনি বলেন, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে হরতাল, অবরোধ ও ভাংচুরের মাধ্যমে আওয়ামী লীগ জনগণ, রাষ্ট্র ও সম্পদের যে ক্ষতি করেছে তা ফিরিয়ে দিতে হবে। "জনগণের ভোট না নিয়ে সরকার বাকশালী কায়দায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে। এজন্য শেখ হাসিনার সরকারকে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।" তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিলের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার নিজেদের পতন ডেকে এনেছে বলেও মন্তব্য করেন শাহাদাত। সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি নেত্রী জেলী চৌধুরী, আখি সুলতানা, মফিজুল ইসলাম ভূইয়া, কামরুল ইসলাম, বেলায়েত হোসেন বুলু, তৌহিদুস সালাম নিশাদ প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে ছাত্রদল, যুবদল, মহিলা দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা যোগ দেন। এদিকে সন্ধ্যায় দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আলাদা সমাবেশ করেছে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা। কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা এম এ সবুর, কাজী আকবর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২২৫২ ঘ.