২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের আলাদা সমাবেশ

বিদ্যুৎ,পানি ও গ্যাস সংকট এবং জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে আলাদা সমাবেশ করেছে নগর বিএনপির দুই পক্ষ। আমীর খসরুর অনুসারীদের সমাবেশে হাতাহাতিও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 07:55 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ,পানি ও গ্যাস সংকট এবং জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে আলাদা সমাবেশ করেছে নগর বিএনপির দুই পক্ষ। আমীর খসরুর অনুসারীদের সমাবেশে হাতাহাতিও হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা এক ঘণ্টার ব্যবধানে আলাদাভাবে এই মিছিল-সমাবেশ করে। আমীর খসরু চৌধুরীর নেতৃত্বে নগর বিএনপি'র পক্ষ থেকে বিকাল ৪টায় গণমিছিল শুরু হয়। মিছিল শেষে নাসিমন ভবন চত্বরে নগর কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমীর খসরু। সমাবেশ শুরুর আগে সিনিয়র নেতাদের পাশে দাঁড়ানো ও শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। বিএনপির নেতা-কর্মীরা জানান, সমাবেশ শুরুর আগে নগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর বিরুদ্ধে কয়েকজন শ্লোগান দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন জানান, কমিটির সভাপতি এই ঘটনায় কর্মীদের ডেকে সর্তক করে দিয়েছেন। সমাবেশে আমীর খসরু বলেন, "সরকার বিদ্যুৎ-পানি-গ্যাস সংকট নিরসন করতে চায় না। অথচ তত্বাবধায়ক সরকার বিষয়ে সাধারণ মানুষের দাবির বিরোধিতা করে তা বাতিলের চেষ্টা করছে।" এর আগে বিকাল ৩টার দিকে নাসিমন ভবন চত্বরে সমাবেশ করে আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা। বিএনপি নেতা শামসুল আলমের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন। অন্যদের মধ্যে কোতোয়ালী থানা বিএনপির সভাপতি এম এ ছবুর, খুলশী থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছাত্তার, মহানগর জাসাসের সভাপতি কাজী আকবর, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল হাশেম বক্কর সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/০১৫০ ঘ.