২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ের ২ সপ্তাহ পর জামায়াতের চিঠি পেল ইসি

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের নির্ধারিত সময়ের দুই সপ্তাহ পর জামায়াতে ইসলামী ইসিকে জানালো তারা সংলাপে যাচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 05:47 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের নির্ধারিত সময়ের দুই সপ্তাহ পর জামায়াতে ইসলামী ইসিকে জানালো তারা সংলাপে যাচ্ছেন না। একই সঙ্গে সংলাপে না আসার কারণও ব্যাখ্যা করেছে দলটি। মঙ্গলবার বিকালে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ২৭ জুন স্বাক্ষরিত চিঠিটি নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিকের কাছে পৌঁছানো হয়। ইসির জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গত ১৬ জুন ছিলো সংলাপের নির্ধারিত তারিখ। চিঠিতে কমিশনের সমালোচনা করে বলা হয়, বিগত জরুরি সরকারের আমলে যথাসময়ে নির্বাচন করতে পারেনি ও কোনো স্বাধীন ভূমিকা পালন করেনি ইসি। নির্বাচন কমিশনের এ ভূমিকার কোনো পরিবর্তনও হয়নি। অনাগ্রহের কারণে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন এখনো সংস্থাটি আয়োজন করতে পারেনি। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচন কমিশনের অতি আগ্রহ দেখা যাচ্ছে- এ কথা উল্লেখ করে বলা হয়, সরকারি দল ছাড়া অন্য প্রায় সব দলই এর বিপক্ষে কথা বলেছে। 'বিষয়গুলো বিবেচনায় এনে এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসির মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারছে না।' এর আগে ১৩ জুন বিএনপি'র সংলাপসূচি থাকলেও এক সপ্তাহ পর ২১ জুন তাদের আপত্তির কথা জানিয়ে চিঠি দেয় বিরোধী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২৩৪২ ঘ.