২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মোবাইল অপারেটরের নিরীক্ষক নিয়োগে স্থগিতাদেশ

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের নিরীক্ষক প্রতিষ্ঠানের নিয়োগ আগামী চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের নিরীক্ষক প্রতিষ্ঠানের নিয়োগ আগামী চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। কে এম আলম অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ গত ২৩ জুন এ স্থগিতাদেশ দিয়েছেন। আদালত একইসঙ্গে ওই দুই নিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ চালিয়ে নিতে বিটিআরসির সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পর্যালোচনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়েছে। ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ ১৩ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে বাদী পক্ষের আইনজীবী হিসাবে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ। সরকারপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। বিটিআরসি গত এপ্রিল মাসে এম এ ফজল অ্যান্ড কোং-কে গ্রামীণফোন এবং আহমেদ জাকের অ্যান্ড কোং-কে বাংলালিংক নিরীক্ষার কাজ দেয় বলে জানান মোরশেদ। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আজিজ হালিম খায়ের চৌধুরীর ফার্ম নামে অন্য একটি প্রতিষ্ঠানকে বাংলালিংক-এর নিরীক্ষার কাজ দেওয়া হয়। ওই নিয়োগ বিধি-বর্হিভূতভাবে দেওয়া হয়েছে দাবি করে মোহাম্মদ মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে আমার মক্কেল নিয়ম অনুযায়ী পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের পর্যালোচনা পরিষদে অভিযোগ জানায়। "তারা এই নিয়োগ বাতিল করতে বললেও বিটিআরসি তা পালন না করে নিরীক্ষার কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা আদালতে রিট করি। এর প্রেক্ষিতে আদালত ওই দুই প্রতিষ্ঠানের নিয়োগ স্থগিত করে দেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/২১০৭ ঘ.