ভোলা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে হামলা চালিয়ে একটি মাছধরা ট্রলার নিয়ে গেছে জলদস্যুরা।
জলদস্যুদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ জেলে আহত হয়েছে।
সোমবার রাতে পূর্বের চর সীমানা এলাকায় এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গির, বাশার মাঝি ও কাজল। বাকিদের নাম জানা যায়নি।
তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলায় আহতদের বরাত দিয়ে ঢালচর মৎস ঘাটের ব্যাবসায়ী মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে জেলেরা সাগরের পূর্বের চর এলাকায় মাছ শিকারে যান। ২০/২৫ জনের জলদস্যু দল আটকালে জেলেরা বাধা দেয়। এতে জলদস্যুরা গুলি চালায় এবং কোপাতে থাকে। এতে অন্তত ১০ জন আহত হয়।
তারা জেলেদের জেলেদের সাগরে ফেলে দিয়ে একটি ট্রলার নিয়ে চলে যায়।
আহতরা কূলে ওঠে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান মো. জাহাঙ্গীর।
ঢালচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কালাম পাটোয়ারী ডাকাতির খবর শুনেছেন বলে জানান।
চরফ্যাশন থানার ওসি মো. রিয়াজ হোসেন বলেন, ডাকাতির ঘটনা ঘটে থাকতে পারে। তবে এলাকাটা চরফ্যাশনের সীমানার বাইরে হওয়ায় তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৭ ঘ.
bdnews24