২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন বিল পর্যালোচনা শেষ

দুটি বিষয় যোগ এবং একটি ধারায় সংশোধনের প্রস্তাব এনে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পর্যালোচনা শেষ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পর্যালোচনা শেষ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার প্রতিবেদন সংসদে তোলা হবে বলে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন। কমিটির বৈঠকের পর দুপুরে সংসদ ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, উত্থাপিত বিলে দুটি দফা যুক্ত এবং ইসি গঠনের বিষয়ে সংশোধনী প্রস্তাব এনে প্রতিবেদন চূড়ান্ত করেছে কমিটি। গত শনিবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটিকে দুই সপ্তাহ সময় দেওয়া হলেও তারা তিন দিনেই কাজ শেষ করেছে। কমিটি সরকারের মেয়াদ শেষে নির্বাচনের সময়ে সংসদের বৈঠকের বাধ্যবাধকতা শিথিলের লক্ষ্যে দুটি দফা প্রস্তাব যোগ করেছে। বিলে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের সুপারিশ থাকলেও সংসদীয় কমিটি তার সদস্য সংখ্যা তিন-এ কমিয়ে আনার প্রস্তাব করেছে। সুরঞ্জিত বলেন, র্অর্ন্তবতীকালীন সরকারের মেয়াদে ৯০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে না। এ সংক্রান্ত একটি উপদফা প্রস্তাবিত বিলে যুক্ত হবে। এছাড়া সংসদের তফসিল ঘোষণার পর থেকে ফল গেজেটাকারে প্রকাশ পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে কোনো ব্যক্তি উচ্চ আদালতে প্রশ্ন তুলতে পারবে না- এ বিষয়ক অন্য দফা যোগ হচ্ছে বলে জানান সুরঞ্জিত, যিনি সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিলের প্রতিবেদন পেশের পরও কেউ যদি সংশোধনী দিতে চায়, তা নিয়ে আলোচনা হতে পারে সংসদে। সংসদ তা গ্রহণ করতে পারে, নাও করতে পারে। র্অর্ন্তবতীকালীন সময় ও তার দায়িত্ব সুরঞ্জিত জানান, সরকারের মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনে 'র্অর্ন্তবতীকালীন' সরকারের অধীনে নির্বাচন হবে। "র্অর্ন্তবতীকালীন এ সরকার ব্যবস্থা বাহাত্তরের সংবিধানেই আমাদের ফাউন্ডার ফাদাররা রেখে গেছেন। এটি ভেলিড, এটি আছেই। সংবিধানের ১১৮ থেকে ১২৬ পর্যন্ত অনুচ্ছেদ র্অর্ন্তবতীকালীন সরকারের। অর্থাৎ নির্বাচনটি করার অধিকার নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। সেই ইসিকে সকলকেই সহায়তা করতে হবে। প্রয়োজনে ইসি যা চাইবে, রাষ্ট্রপতি সে সাহায্য করবেন", বলেন তিনি। সংবিধান সংশোধনের প্রস্তাবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। র্অর্ন্তবতীকালীন সরকার বলতে কী বোঝাতে চাইছেন- জানতে চাওয়া হলে সুরঞ্জিত বলেন, "নির্বাচনের যে সরকারই থাক, তারা র্অর্ন্তবতী হয়ে যায়। ওই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা নির্বাচন করতে পারবে।" সুরঞ্জিত বলেন, ইসি নির্বাচন পরিচালনা করবে। সে সময় যে সরকার থাকে তারা রুটিন ওয়ার্ক সরকার রুটিন কাজ করবে। দৈনন্দিন কাজের বাইরে সে সরকার কোনো নীতি নিতে পারবে না। প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোয় এ বিধানই রয়েছে। "তারপর এ কাজ করার জন্য যদি অন্য কোনো আইনের প্রয়োজন হয়, কোনো কোড অব কন্ডাক্ট চাইলে, সেটাও করা যাবে", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭০০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর