২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সীমান্তে জমির বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে'

সিলেট সীমান্তে ভারত-বাংলাদেশ জমি সংক্রান্ত বিরোধের বিষয় উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

সিলেট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সীমান্তে ভারত-বাংলাদেশ জমি সংক্রান্ত বিরোধের বিষয় উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। সিলেট জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম সোমবার বিকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনগণের সঙ্গে এক আলোচনা সভায় একথা বলেন। জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত জরিপে বাধাদানকারী বাংলাদেশি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বলেন, সীমান্ত এলাকায় ভুমি নিয়ে দু'দেশের বিরোধ থাকতেই পারে। এ বিরোধ নিরসন করতে যৌথ জরিপ শুরু হয়েছে। ভারতের হাতে বাংলাদেশের জমি তুলে দেওয়ার জন্য নয়। তাই উস্কানিমুলক বক্তব্যে কান না দিয়ে যৌথ জরিপদলকে সহযোগিতা করার জন্য তিনি সীমান্ত এলাকার জনগনের প্রতি আহ্বান জানান। জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্ত এলাকায় বাংলাদেশের ভুখণ্ড ভারতকে বুঝিয়ে দেয়া হচ্ছে- এমন খবরে স্থানীয়রা গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে জরিপকাজে বাধা দিচ্ছে। জেলা প্রশাসক বলেন, যৌথ জরিপ আরো একমাস চলবে। বাংলাদেশের ভুখণ্ডে ভারতের জমি থাকলে তাদের বুঝিয়ে দেয়া হবে। ভারতের অংশে বাংলাদেশের জমি থাকলে বাংলাদেশ তা বুঝে নেবে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আল রাজি, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হেকিম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী ও সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১২৯ ঘ.