২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না: স্টিফান ইভান্স

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বলেছেন, ব্রিটেন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বলেছেন, ব্রিটেন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'বৃটিশ-বাংলাদেশ: ৪০ বছরের পার্টনারশিপ' শিরোনামের এক অন্ষ্ঠুানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "ব্রিটেন সারা বিশ্বে গণতন্ত্র ও সুশাসন দেখতে চায়।" বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এ অনুষ্ঠান আয়োজন করে। স্টিফেন ইভান্স বলেন, "২০১৪ সালে শান্তিপূর্ণ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সরকার ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছুক- সেটাই আমরা চাই।" ছাত্র-শিক্ষকদের আরেক প্রশ্নের জবাবে হাইকমিশনার জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্রিটেন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। "আমরা সেসময় একটি ডিজিটাল ভোটার তালিকা করতে সে সময় নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তা করেছিলাম।" বাংলাদেশ থেকে যাওয়া সত্যিকার ছাত্রদের ব্রিটেন স্বাগত জানায়- এ কথা উল্লেখ করে স্টিফেন ইভান্স বলেন, পড়াশোনার জন্য যেতে চাইলে শিক্ষার্থীরা ভিসা পাবে। উচ্চ শিক্ষা ফি বিষয়ে তিনি বলেন, "এটা ঠিক যে ব্রিটেনে শিক্ষার খরচ অনেক বেশি। দেশেও এটা নিয়ে বিতর্ক আছে। তবে ব্রিটেনে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ পায়।" ব্রিটিশ হাইকমিশনার তার মূল বক্তব্যে বলেন, "এ উপমহাদেশ ও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ১৯২১ সালে যখন এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন উপমহাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। এ বিশ্ববিদ্যালয় এ দেশের রাজনৈতিক সত্তাকে প্রতিষ্ঠিত করেছে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "বাংলাদেশ ও বৃটেনের মধ্যে গভীর বন্ধুত্বের ইতিহাস প্রায় ২০০ বছরেরও বেশি বিস্তৃত।" ঢাবির ইতিহাস বিভাগের চেয়ারম্যান শিরিন হাসান ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ ও কলা অনুষদের ডীন সদরুল আমিন বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৩২ ঘ.