জয়পুরহাট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশজ সংস্কৃতির বিকাশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়পুরহাট জেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে জীবিত ও মরনোত্তর ৬২ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার রাতে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।
তবে এ তালিকায় স্থান হয়নি এ জেলার কৃতি সন্তান কণ্ঠশিল্পী খুরশিদ আলম, ফাতেমা তুজ জোহরা, দিলরুবা খান, নাদিরা বেগম, সুরকার-গীতিকার শামসুদ্দীন হীরা, চলচ্চিত্রকার মন্তাজুর রহমান আকবর, শিবলী সাদিক, চলচ্চিত্র অভিনেতা (খলনায়ক) গাংগুয়া'র মত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, পুলিশ সুপার মোজাম্মেল হক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজা চৌধূরী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রকাশক (সার্বিক) মঞ্জুর হাসান ভূইঁয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এমএ হাইসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঢাক-ঢোল পিটিয়ে প্রথমবারের মত জয়পুরহাটে এত বড় সরকারি আয়োজন করা হয়। কিন্তু এতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিদের সংবর্ধনা না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন আমন্ত্রিত অতিথি ও দর্শক-শ্রোতাদের অনেকেই।
জেলা সদরের পুরানাপৈলের মোস্তফা, হানাইলের উজ্জ্বল হোসেন, ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামের রফিকুল, রাজ্জাকসহ অনেক দর্শক উপহাস করে বলেছেন, উদ্যোগ মহৎ, উদ্দেশ্য খারাপ। সরকারি খরচে যাদের সংবর্ধনা দেওয়া হলো তাদের অনেককেই দূরবীন ছাড়া চেনার উপায় নাই।
জয়পুরহাট পৌরসভার মেয়র আব্দুল আজিজ মোল্লা বলেন, সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য হলো ভবিষ্যত প্রজন্মকে বিকশিত ও উজ্জীবিত করা। কিন্তু যারা এই জেলা তথা দেশকে বিশ্বে পরিচিত করছে তাদের সংবর্ধনা না দিয়ে একদিকে যেমন তাদের অপমান করা হলো অন্যদিকে এ ভাবে চলতে থাকলে ভবিষ্যত প্রজন্ম হবে অনুপ্রেরণা বিহীন মেধাশূন্য।
তিনি আরো বলেন, এ ব্যাপারে প্রশাসনের কাউকে দোষ দেয়া যাবে না। কারণ, তারা কেউ এ জেলার বাসিন্দা নন। এ কমিটিতে স্থানীয়রাই নিজেদের পছন্দের লোকদের সংবর্ধনার জন্য তালিকা করেছে।
প্রতিক্রিয়া জানিয়ে কণ্ঠশিল্পী খুরশিদ আলম বলেন, ৫ শতাধিক সিনেমার গানসহ প্রায় ৩ সহস্রাধিক গান করেছি। ৬০ এর দশক থেকে গান গেয়ে কোটি কোটি শ্রোতার হৃদয়ে স্থান করে নিতে পেরেছি। এর চেয়ে বড় পুরষ্কার আর কি হতে পারে!
অন্যদিকে 'কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙ্গে ঝর তুফানেতে...' এই কালজয়ী পল্লীগানের সুরকার-গীতিকার এ কে এম আব্দুল আজিজের মেয়ে ভাওয়াইয়া গানের শিল্পী নাদিরা বেগমকে সংবর্ধনা না দেওয়ায় বিশ্ময় প্রকাশ করেছেন তার ছোট বোন তামান্না ইয়াসমিন। তিনি বলেছেন, বাবাকে মরনোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে আর নাদিরা ২ সহস্রাধিক গান গেয়েও তা পেলেন না।
সংবর্ধনা অনুষ্ঠানের বাছাই কমিটি'র সদস্য ও কেন্দ্রীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সহ-সভাপতি আমিনুল হক বাবুল বলেন, এ কমিটির অন্য সদস্যদের নিয়ে অনেক যাচাই বাছাই করে মাতৃভাষা, সংগীত, কবিতা, ইতিহাস গবেষণা, নাটক, যাত্রাপালা, চিত্রকলা, সমাজ সেবাসহ সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় জীবিত ২৬ জন ও মরনোত্তর ৩৬ জনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। তিনি স্বীকার করে বলেন, ত্র"টি বিচ্যূতি যা হয়েছে আগামীতে তা সংশোধন করা হবে।
এ ব্যাপারে সংবর্ধনা কমিটি প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর হাসান ভূইঁয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, প্রথম বারের মত এমন কর্মসূচি হাতে নেওয়ায় কিছুটা ত্র"টি-বিচ্যূতি হয়েছে। তবে আমি এ জেলায় থাকলে বাদ পড়া প্রকৃত কৃতি সন্তানদেরকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে সংবর্ধনা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫১ ঘ.
bdnews24