২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট কর্মকর্তা ও সাংবাদিককে পিটিয়েছে পুলিশ

ময়মনসিংহের হালুয়াঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক ভোট কর্মকর্তাকে তুচ্ছ ঘটনায় বেধড়ক পিটিয়েছে পুলিশ। এ সময় ছবি তুলতে গেলে পেটানো হয় এক সাংবাদিককেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ময়মনসিংহ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের হালুয়াঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক ভোট কর্মকর্তাকে তুচ্ছ ঘটনায় বেধড়ক পিটিয়েছে পুলিশ। এ সময় ছবি তুলতে গেলে পেটানো হয় এক সাংবাদিককেও। সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১১টার দিকে আমতৈল ইউনিয়নের গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হালুয়াঘাট মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক শ্যামল চন্দ্র সরকার উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেন। এই মালামাল কেন্দ্রে নেওয়ার জন্য তিনি পুলিশের সহযোগিতা চান। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে উঠে। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ শ্যামলকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এই ঘটনার ছবি তুলতে গেলে পুলিশ দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি হাতেম আলীকেও প্রহার করে। মঙ্গলবার হালুয়াঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া ও পুলিশ সুপার খোন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৪৬ ঘ.