বরিশাল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়ায় একজন কলেজ ছাত্রীকে উত্যক্ত করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী উত্যক্তকারীর পিতা ও ভাইসহ ৩ জনকে ধরে পুলিশ সোপর্দ করেছে।
রোববার দুপুর এই ঘটনা ঘটে।
আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দি জানান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত উপজেলার কাঠিরা গ্রামের বিনয় অধিকারী নামে এক যুবক।
এই ঘটনা ছাত্রী তার ভাইকে জানায়।
রোববার দুপুরে কাঠিরা বাজারে ছাত্রীটির ভাই তার বোনকে উত্যক্ত না করার জন্য বিনয়কে শাসিয়ে দেয়।
উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিনয় ও তার সঙ্গীরা ছাত্রীর ভাইয়ের ওপর হামলা চালায়।
এ সময় ছাত্রীর ভাইয়ের সঙ্গীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রীর ভাইসহ ৬ জন আহত হয়।
এদিকে এই ঘটনায় এলাকাবাসী একত্রিত হয়ে উত্যক্তকারী বিনয়ের পিতা অমূল্য অধিকারী, ভাই অমৃত অধিকারী ও স্থানীয় আশিষ সরকারকে আটক করে পুলিশে দেয়। বিনয় পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে ছাত্রীর বাবা বাদী হয়ে আটক ৩ জনসহ ৯ জনকে আসামি করে রোববার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৫৭ ঘ.
bdnews24