মুন্সীগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা কমপ্লেক্সে ঘুষের টাকার ভাগ নিয়ে পুলিশের চার দারোগার মারামারি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকাল ৪টার দিকে এ ঘটনার সময় টঙ্গীবাড়ি থানার চার দারোগাকে (উপ পরিদর্শক) ঘিরে ভিড় জমে যায়। তাদের মারামারি দেখে উপস্থিত লোকজন থানায় খবর দেয়।
থানার ওসি আব্দুল্লাহ রাত সোয়া ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মারামারির ঘটনাটি সত্য। এ ব্যাপারে খোঁজ খবর করা হচ্ছে।"
মারামারিতে আহত টঙ্গীবাড়ি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) প্রদীপকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর তিন দারোগা হলো এসআই জাহিদুল, হায়দার ও ইলিয়াস।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদুল, হায়দার ও ইলিয়াস টঙ্গীবাড়ি বাজারে কাজী মার্কেটের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে এসআই প্রদীপকে মারধর শুরু করে। আত্মরক্ষায় প্রদীপ দৌড়ে টঙ্গীবাড়ি উপজেলা কমপ্লেক্সে ঢুকে পড়ে। কিন্তু সেখানেও গিয়েও রেহাই পাননি তিনি।
তিন দারোগা মিলে প্রদীপের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে বেদম প্রহার করে এবং তার ফতুয়া ছিড়ে ফেলে বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।
পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বড় অঙ্কের ঘুষের টাকা জমা ছিল প্রদীপের কাছে। ওই টাকার ভাগ নিয়েই চার জনের মধ্যে ঝগড়া বাঁধে। পরে তা মারামারি পর্যন্ত গড়ায়।
সংশ্লিষ্ট চার উপ পরিদর্শকের কেউই এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১৪ ঘ.
bdnews24