২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা, চট্টগ্রামে গার্মেন্টস ভিলেজ প্রতিষ্ঠার দাবি

তৈরি পোশাক শিল্পের জন্য ঢাকা ও চট্টগ্রামে আলাদা শিল্পাঞ্চল (গার্মেন্টস ভিলেজ) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 03:31 PM

Updated : 25 Apr 2022, 11:25 PM

চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৈরি পোশাক শিল্পের জন্য ঢাকা ও চট্টগ্রামে আলাদা শিল্পাঞ্চল (গার্মেন্টস ভিলেজ) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা। রোববার দুপুরে চট্টগ্রাম ক্লাবে তৈরি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণ প্রকল্পে বিজিএমইএ'র সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তারা এ দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চউক চেয়ারম্যান আবদুচ ছালাম, বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বিজিএমইএ'র সাবেক সহ-সভাপতি ও ডরমিটরি বিষয়ক কমিটির চেয়ারম্যান এম এ সালাম। নাসির উদ্দিন চৌধুরী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও চীন চলতি বছরে যখন তৈরি পোশাক শিল্পের জন্য প্রণোদনাসহ একাধিক প্রকল্প নিয়েছে তখন বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে এ খাতের জন্য কোনো পরিকল্পনা নেই। এ শিল্পে ৩৫ লাখ শ্রমিক নিয়োজিত উল্লেখ করে তিনি বলেন, এত বছরেও সরকারগুলো দেশে একটি গার্মেন্টস ভিলেজ প্রতিষ্ঠা করতে পারেনি। নাসির উদ্দিন চৌধুরী আরো বলেন, তিন বছর পর বিদেশি ক্রেতারা দোকান, বিপনি কেন্দ্র, আবাসিক ভবনে স্থাপিত পোশাক কারখানা থেকে কোনো পোশাক কিনবে না। এতে সবচেয়ে বেশি বিপদে পড়বে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তারা। পোশাক শিল্পের জন্য ঢাকা ও চট্টগ্রামে নগরীর বাইরের কোনো এলাকায় আলাদা শিল্পাঞ্চল (গার্মেন্টস ভিলেজ) প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, পিপিপি'র আওতায় ঢাকা ও চট্টগ্রামে অন্তত দুটি পাইলট প্রজেক্ট করা হোক। সরকার নীতিমালা ও সাহসী উদ্যোগ নিলে আমরা পাশে থাকব। বিজিএমইএ'র সাবেক সহ-সভাপতি এম এ সালাম বলেন, এ খাতে চাকরি আছে কিন্তু দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকের অভাব রয়েছে। বাজেটে প্রস্তাবিত পোশাক শিল্পের রপ্তানি মূল্যের ওপর উৎসে কর পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে এ খাতে রপ্তানি আয় বছরে ১৪ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ১ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর আদায় করা হলে তা কমে আট থেকে ১০ বিলিয়ন ডলারে নেমে আসবে। ডরমিটরি নির্মাণের প্রকল্পকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, পেশাক শিল্পের প্রাণ নারী শ্রমিকদের জন্য আবাসনের এ উদ্যোগ পরিসরে ছোট হলেও এর গুরুত্ব অপরিসীম। তবে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কোনো সাধারণ শ্রমিক উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য বন্দরসহ সব সুবিধা চট্টগ্রামে আছে। কিন্তু ঢাকায় তিন হাজার পোশাক শিল্প প্রতিষ্ঠানের বিপরীতে চট্টগ্রামে মাত্র নয়শ' প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনুষ্ঠানে জানানো হয়, পোশাক শিল্পে কর্মরত নারীদের আবাসনের জন্য বিজিএমইএ ও চউকের যৌথ উদ্যোগে ডরমিটরি নির্মাণ করা হচ্ছে। নগরীর সল্টগোলা এলাকায় চউকের মালিকানাধীন প্রায় এক দশমিক চার একর জমির উপর ৪০ কোটি টাকা ব্যয়ে এ ডরমিটরি নির্মিত হবে। ডরমিটরি ভবনের পাঁচটি টাওয়ারে মোট কক্ষ থাকবে ২৪৪ টি। এতে দুই হাজার ৯২৮ জন নারী শ্রমিকের আবাসনের ব্যবস্থা হবে। এই ডরমিটরিতে লিফট, অভ্যর্থনা কক্ষ, ক্যাফেটেরিয়া, অতিথি কক্ষ, দোকান, জেনারেটরসহ সব ধরনের আধুনিক সুবিধা থাকবে বলে জানানো হয়। অনুষ্ঠানে চউকের উপ-প্রধান পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, ২০১৩ সালের মধ্যে নির্মাণ কাজ শেষে ডরমিটরি ভবনটি বিজিএমইএ'র কাছে হস্তান্তর করবে চউক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআরডি/এইচএ/২১২১ ঘ.