চাঁদপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল ভোট দেয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার দুটি ইউনিয়নের দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কেন্দ্র দুটি হলো- পাথৈর ইউনিয়নের ভাটিছিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও গোহাট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী সিনিয়র মাদ্রাসা কেন্দ্র।
ভাটিছিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনোরঞ্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলামের সমর্থকরা কেন্দ্রে ঢুকে জোরপূর্বক ব্যালট পেপারে সিল দেয়। এতে কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এদিকে চাপাতলী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পরেশ চন্দ্র পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমির হোসেনের সমর্থকরা ভোট কেন্দ্র থেকে অন্য প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে একতরফা ভোট দিতে থাকে। এরপর এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।
কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১ জন, সদস্য পদে ৪৫৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪৯ ঘ.
bdnews24