২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢেলে সাজাতে হবে: মহাপরিচালক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো না গেলে এই সংস্থাকে দিয়ে কোনো কাজ হবে না বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক খন্দকার মো. আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো না গেলে এই সংস্থাকে দিয়ে কোনো কাজ হবে না বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক খন্দকার মো. আলী। শনিবার ঢাকা রির্পোর্টাস ইউনিটি মিলনায়তনে 'মাদক নিয়ন্ত্রণে মিডিয়ার ভূমিকা' শিরোনামের এক আলোচনা সভায় তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে র‌্যাবের যে সুযোগ রয়েছে সেটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেই। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে স্বল্প জনবল ও স্বল্প বাজেটসহ নানা সমস্যা নিয়ে কাজ করতে হচ্ছে। জনবল বৃদ্ধি, গাড়ি বরাদ্দসহ বিভিন্ন সমস্যার কথা সরকারকে জোরালো ভাবে জানানো হয়েছে- এ কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, এসব বিষয়ে বেশ সাড়া পাওয়া গেছে। এরপরই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমে বেশ পরিবর্তন আসবে বলে মহাপরিচালক আশা প্রকাশ করেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব) এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথভাবে এ সভা আয়োজন করে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কিছু কিছু বিষয় সংশোধনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান মহাপরিচালক মো. আলী। এ বিষয়ে আলোচনা সভায় র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান জানান, বর্তমান মাদক আইনে যারা গ্রেপ্তার হন তারা সহজেই জামিন পেয়ে যান। ফলে যারা গ্রেপ্তার করেন তারা কিছুটা হতাশায় ভোগেন। এর একটা পরিবর্তন দরকার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মো. সোহায়েল এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবু তালেব। সভাপতিত্ব করেন ক্রাবের সভাপতি পারভেজ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরআরডি/পিডি/১৯৪১ ঘ.