ঢাকা, জুন ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- পর্যটকদের রুচির পরিবর্তন হয়েছে উল্লেখ করে পর্যটনমন্ত্রী জিএম কাদের বলেছেন, তারা এখন শুধু উন্নত বিশ্বের দেশগুলোতে নয়- আমাদের মতো দেশের মানুষের কাছে, প্রকৃতির কাছে আসতে চায়।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন আয়োজিত 'দুই বাংলার গর্ব সুন্দরবনকে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে করণীয়' শিরোনামের গোলটেবিলে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সুন্দরবনকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা গেলে সারা বিশ্ব বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে পারবে।
এজন্য তিনি সবাইকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মানুষের ভোটের ভিত্তিতে পৃথিবীর নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন করছে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রাথমিক তালিকায় থাকা ২৮টি স্পটের মধ্যে যে কেউ নিজের পছন্দ মতো মোট সাতটি স্পটকে ভোট দিতে পারেন।
বাংলাদেশ থেকে পৃথকভাবে একটি স্পটকে এসএমএসের মাধ্যমেও ভোট দেওয়া যাচ্ছে সোমবার থেকে।
দক্ষিণ এশিয়ার সব দেশ তাদের পর্যটন খাতের উন্নয়নের জন্য বর্তমানে এভাবেই কাজ করছে বলে জানান মন্ত্রী জিএম কাদের।
বাংলাদেশের প্রতি বর্গ ইঞ্চি জায়গাতে পর্যটনের সম্ভাবনা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে গোলটেবিলে সংসদ সদস্য ননী গোপাল, বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন এর উপদেষ্টা হরুন অর-রশিদ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরএ/পিডি/১৮০৩ ঘ.
bdnews24