২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার কাঁচা মরিচের ঝাল কম, বিপাকে কৃষক

ঝাল বেশি হওয়ায় বগুড়ার কাঁচা মরিচের দেশজুড়ে চাহিদা থাকলেও এবার এর দাম অস্বাভাবিক কমে গেছে। পাইকারি বাজারে দুই থেকে চার টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে। তাই বগুড়ার মরিচ চাষীরা পড়েছেন চরম বিপাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

বগুড়া, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঝাল বেশি হওয়ায় বগুড়ার কাঁচা মরিচের দেশজুড়ে চাহিদা থাকলেও এবার এর দাম অস্বাভাবিক কমে গেছে। পাইকারি বাজারে দুই থেকে চার টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে। তাই বগুড়ার মরিচ চাষীরা পড়েছেন চরম বিপাকে। অথচ গত মৌসুমে একই সময়ে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৬০-৭০ টাকা। লাভের আশায় বেশি জমিতে মরিচ চাষ করে এবার লোকসান গুণছেন কৃষকরা। উৎপাদন খরচ উঠে আসাতো দূরের কথা, ক্ষেত থেকে মরিচ তুলে হাটে নিয়ে যাওয়ার খরচও উঠছেনা। অধিক জমিতে মরিচ চাষ ও উৎপাদন বেশি হওয়ার কারণেই এই অবস্থা হয়েছে বলে ধারণা মরিচ চাষীদের। কৃষি অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২০০৪-০৫ সালে বগুড়ায় মরিচের চাষ হয় ৩ হাজার ৩৫৪ হেক্টর জমিতে। গত সাত বছরে মরিচের চাষ দ্বিগুণ হয়েছে। বগুড়ার ১২টি উপজেলায় এবার রবি মওসুমে (অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত) মরিচের চাষ হয়েছে ৯ হাজার ৫৩ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু সারিয়াকান্দির চরাঞ্চলে ৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়। কৃষি অধিদপ্তরের হিসেব মতে, বগুড়ায় মরিচ উৎপন্ন হয়েছে ১৫ হাজার ৮৫৩ মেট্রিক টনেরও বেশি। মরিচ চাষীরা জানান, এখন বাজারে বিক্রি হচ্ছে গ্রীষ্ম মওসুমের মরিচ। এ মরিচ চাষ হয় মার্চ থেকে মে পর্যন্ত। বগুড়া সদর ,শিবগঞ্জ, শেরপুর, গাবতলী, শাহজাহানপুর ও শেরপুর উপজেলায় এ মরিচের চাষ সবচেয়ে বেশি হয়েছে। গ্রীষ্ম মওসুমে ৫২৫ হেক্টর জমিতে মরিচ লাগানো হয়েছে। সরকারি হিসেবে উৎপাদন হবে প্রায় ৮৭৮ মেট্রিক টন। চলতি মওসুমে স্থানীয় জাতের মধ্যে বগুড়া এবং হাইব্রিড জাতের মধ্যে সনিক- ১৭০১ ও বর্ষা মরিচের চাষ হয়েছে বেশি। এবার মরিচ চাষের উপযোগী আবহাওয়া থাকায় মরিচের ফলনও হয়েছে অনেক বেশি। প্রতি বিঘায় ৪০ মণেরও বেশি মরিচ উৎপাদন হচ্ছে। বগুড়ার মহাস্থান, গাবতলী উপজেলার পীরগাছা ও সদরের পল্লী মংগলহাটে বসে মরিচের সবচেয়ে বড় হাট। প্রতিদিন সকাল থেকে সেখানে হাট বসে চলে দুপুর পর্যন্ত। মহাস্থান হাটের মরিচের পাইকারি ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, তিনি বুধবার ৪ টাকা কেজি দরে মরিচ কিনেছেন। এর দুদিন আগে কিনেছেন ২ টাকা কেজিতে। আরেক পাইকারী ব্যবসায়ী হাসান জানান, গত দু'সপ্তাহ ধরে বগুড়ায় কাঁচা মরিচের দাম অস্বাভাবিক কমে গেছে। গত বছর একই সময়ে মরিচের দাম ছিল ৭০/৮০ টাকা কেজি। বগুড়ার মরিচ ঢাকা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মেহেরপুরসহ দেশের দক্ষিণাঞ্চলে যাচ্ছে। প্রতিদিন ৮ থেকে ১০ ট্রাক করে মরিচ সরবরাহ হচ্ছে অন্য জেলায়। মহাস্থান এলাকার কৃষক আলফাজ জানালেন, লাভের আশায় তিনি দুই বিঘা জমিতে মরিচ চাষ করেছিলেন।। এবার ফলন অনেক ভালো হয়েছে। কিন্তু হাটে মরিচের দাম নেই। ক্ষেত থেকে মরিচ তুলতে যে খরচ লাগছে সেটাও তিনি পাচ্ছেন না। এ কারণে ক্ষেতের মরিচ ক্ষেতেই লাল হয়ে ঝরে যাচ্ছে। ভুক্তভোগী আরেক কৃষক সাহেব আলী দুঃখ করে বলেন, "মরিচ এখন আমাদের গলার ফাঁস।" বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একরাম হোসেন জানান, কয়েকটি কোম্পানী বগুড়া থেকে মরিচ কিনলেও বগুড়ায় কোনো প্রক্রিয়াজাতকরণ কারখানা নেই। এ ধরনের কারখানা বগুড়ায় প্রতিষ্ঠা করা হলে কৃষকরা মরিচের নায্য দাম পাবে। মরিচ সংরক্ষণের জন্য এখানে কোনো হিমাগার নেই। এ ব্যাপারে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৩২ ঘ.