ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী এলাকায় ১৫৯ জন বস্তিবাসীকে চিকিৎসা সেবা দিলো স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি)।
বিশ্ব ব্যাংকের সহায়তায় বিওয়াইএলসির 'অনিরুদ্ধ' দলের সদস্যরা শুক্রবার করাইল বস্তিতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করে।
সংগঠনটির লিডারশিপ কো-অর্ডিনেটর নিয়ামা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচিতে করাইল বস্তির ৫৮টি শিশু, ৭৬ জন নারী ও ২৫ জন পুরুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুই জন চিকিৎসক এ সময় বস্তিবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসাপত্র দেন এবং অনিরুদ্ধ দলের সদস্যরা বিনামূল্যে বিভিন্ন ওষুধ বিতরণ করেন।
নিয়ামা জানান, বিওয়াইএলসির ছয়টি দল স্বাস্থ্য, শিক্ষা, পয়নিষ্কাশন, নিরাপদ পানি, কর্মসংস্থান সৃষ্টি ও তথ্য অধিকার আইন নিয়ে বস্তিবাসীদের সচেতন করতে কাজ করছে।
এই লক্ষ্যে করাইল বস্তিতে সাতটি ডাস্টবিন বসিয়েছে তারা। সচেতনতামূলক বিভিন্ন স্লোগান লেখা পোস্টারও সাঁটানো হয়েছে বস্তির বিভিন্ন ঘরের দেওয়ালে।
বাংলাদেশের প্রথম অনলাইন সাংবদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিওয়াইএলসির এই বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮০৪ ঘ.
bdnews24