২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিও'র বদলে পরিবেশক: নিয়োগ বিধি সংশোধনের দাবি

ভোজ্যতেল ও চিনি বিপণনে ডিও'র (ডেলিভারি অর্ডার) পরিবেশক নিয়োগের সরকারি আদেশের কয়েকটি ধারা সংশোধনের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্যতেল ও চিনি বিপণনে ডিও'র (ডেলিভারি অর্ডার) পরিবেশক নিয়োগের সরকারি আদেশের কয়েকটি ধারা সংশোধনের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকালে খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে এক জরুরি বৈঠকে পরিবেশক ও পাইকারি ব্যবসায়ীরা 'অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ-২০১১'র কয়েকটি ধারা সংশোধনের এ দাবি জানান। পরিবেশক পদ্ধতি ব্যবসায়ীদের জন্য লাভজনক কি না তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি করেছে খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতি। ডিও (ডেলিভারি অর্ডার) প্রথা বাতিল করে পরিবেশক পদ্ধতি চালু করতে গত ২৩ মার্চ ওই আদেশ জারি করে সরকার। আদেশে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে পরিবেশক নিয়োগ সম্পন্ন করতে বলা হয়। ২১ জুন পরিবেশক পদ্ধতি শুরুর নির্ধারিত দিনে বাণিজ্য সচিব গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, "প্রায় ৬০ শতাংশ পরিবেশেক নিয়োগ হয়েছে। তবে চট্টগ্রামের একজন ছাড়া অন্য মিল মালিকরা পরিবেশকের তালিকা হস্তান্তর করেননি।" বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে পরিবেশক নিয়োগ সম্পন্ন হয়নি। ডিও'র মাধ্যমে চলছে পণ্য বিপণন। জামানত ও অর্থ কর্তন নিয়ে দ্বিমত পরিবেশক পদ্ধতি চালুর বিষয়ে জটিলতা নিরসনে খাতুনঞ্জের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতির নেতারা। এতে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি এম এ সালাম। বৈঠকে ব্যবসায়ীরা আদেশের কয়েকটি ধারা নিয়ে নিয়ে প্রশ্ন তোলেন। পরিবেশক নিয়োগে জামানত দিতে অপরাগতা প্রকাশ করেন পরিবেশক হতে ইচ্ছুক খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। 'অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ-২০১১'র নিয়োগ চুক্তির ৩ নম্বর ধারায় জামানতের পরিমাণ উল্লেখ না করে বলা হয়েছে, 'আবেদনপত্রের সহিত প্রদানকৃত টাকা জামানত হিসেবে প্রথম পক্ষের (মিল মালিক) নিকট জমা থাকিবে। ইহার জন্য কোন প্রকার লাভ বা সুদ দেয়া হইবে না।' বৈঠকে এ বিষয়ে খাতুনগঞ্জ বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, "জামানত কত হবে এবং তা অপরিহার্য কি না এ বিষয়টি আদেশে স্পষ্ট নয়। তাই মিল মালিকদের কেউ কেউ পরিবেশকদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের জামানত দাবি করছেন। আবার কোনো কোনো মিল মালিক জামানত নিচ্ছেন না।" আদেশে পরিবেশক নিয়োগ চুক্তির ৬ নম্বর ধারায় হার উল্লেখ না করে বলা আছে, 'নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দকৃত সম্পূর্ণ অথবা আংশিক পণ্য উত্তোলনে ব্যর্থ হইলে প্রতি টন অনুত্তোলিত পণ্যের জন্য জামানতের টাকা হতে প্রথম পক্ষ (মিল মালিক) টাকা কর্তন করিতে পারিবে।' এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বলেন, "মিল মালিকরা বলছেন নির্ধারিত সময়ে পণ্য উত্তোলন করতে না পারলে প্রতি টন চিনি এবং তেলের জন্য দুই হাজার টাকা করে জামানত থেকে কেটে নেওয়া হবে। "অন্যদিকে নির্দিষ্ট সময়ে মালিকরা পণ্য দিতে না পারলে পরিবেশকরা কী সুবিধা পারে তা উল্লেখ করা হয়নি।" বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা মিল মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন উল্লেখ করে ছগীর বলেন, পরিবেশক পদ্ধতিতে মিল মালিকদের স্বার্থ রক্ষা করা হলেও পরিবেশকদের জন্য কোনো সুবিধা বিবেচনা করা হয়নি। পরিবেশক পদ্ধতি খতিয়ে দেখতে কমিটি বৈঠকে ব্যবসায়ীরা বলেন, সারাদেশে কতজন পরিবেশক নিয়োগ দেওয়া হচ্ছে তা এখনো জানানো হয়নি। পাশাপাশি একজন পরিবেশককে প্রতিবারে কী পরিমাণ পণ্য সরবরাহ করা হবে তাও স্পষ্ট নয়। বৈঠক শেষে সৈয়দ ছগির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিও প্রথা বাতিল করে পরিবেশক পদ্ধতি চালু করা হলেও ব্যবসায়ীরা এ সংক্রান্ত আদেশের ধারা সম্পর্কে পুরোপুরি অবগত নন। পরিবেশক পদ্ধতি ব্যবসায়ীদের জন্য লাভজনক কি না তা খতিয়ে দেখতে খাতুনগঞ্জ বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনকে আহ্বায়ক করে বৈঠকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আদেশের কয়েকটি ধারা সংক্রান্ত সমস্যা নির্ণয়ে কমিটিকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে খাতুনগঞ্জের শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে আদেশের কয়েকটি ধারা নিয়ে মিল মালিকদের লিখিত আপত্তি জানানো হবে। বৈঠকে জামাল হোসেন বলেন, "পরিবেশক নিয়োগ চুক্তি ধারাগুলো মিল মালিক ও বাণিজ্য মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে হয়েছে। এতে ব্যবসায়ী কিংবা পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।" বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চট্টগ্রাম রাইচ মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক স্বপন সাহা, ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম চৌধুরী প্রমুখ। সরকারি আদেশে পরিবেশক প্রথা চালু হলেও মিল মালিকরা জামানত দাবি করায় খাতুনগঞ্জের ব্যবসায়ী ও নিয়োগপ্রাপ্ত পরিবেশকরা এই পদ্ধতিতে এখনো পর্যন্ত পণ্য উত্তোলন করেননি। খাতুনগঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত পুরোনো পদ্ধতি ডিও'র মাধ্যমে ভোজ্যতেল ও চিনির বেচাকেনা চলেছে বলে ব্যবসায়ীরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২৩১৭ ঘ.