ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় নির্বাচনে শুধু ঢাকা মহানগরির সংসদীয় আসনগুলোতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
বৃহস্পতিবার সকালে দলটির সভাপতি আ স ম আবদুর রব নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এ মত দেন।
শর্তসাপেক্ষে নিবিন্ধত দলগুলোকে অন্তত ১ কোটি টাকা করে নির্বাচনী প্রচারণায় রাষ্ট্রীয় অনুদান দেওয়ারও প্রস্তাব এসেছে দলটির পক্ষ থেকে।
জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ আট সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
জালভোট বন্ধ, ব্যালট বাক্স ছিনতাই রোধ করতে ইভিএম এর উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে রব স্থানীয় নির্বাচনে এ পদ্ধতি ব্যবহার করে জনগণের সংশয় দূর করার পরামর্শ দেন।
রতন বলেন, "র্নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পক্ষে জেএসডি। ইভিএম'র কার্যদক্ষতা নিয়ে ভোটারদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে আগামী নির্বাচনে ঢাকা মহানগরীতে সীমাবদ্ধ রেখে পর্যায়ক্রমে এর ব্যবহার সারাদেশে বিস্তৃত করতে হবে।"
ইভিএম পদ্ধতিতে আঙ্গুলের ছাপের মাধ্যমে ভোটারকে সনাক্ত করার বিষয়টি যুক্ত করারও পরামর্শ দেন তিনি।
প্রধান রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন ও বিদেশে শাখা এখনো বহাল রাখলেও এ বিষয়ে ইসির কোনো পদক্ষেপ না থাকায় কঠোর সমালোচনা করেন জেএসডি সভাপতি।
তিনি বলেন, "ছাত্র সংগঠন ও বিদেশে দলের শাখা বহাল রেখে ক্ষমতাসীন ও বিরোধী দল বড় বড় সম্মেলন করছে, কমিটি ঘোষণা করছে- কিন্তু আপনারা কিছু করছেন না। অথচ আমরা এ আইন মানতে গিয়ে সমর্থন হারাচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর লাভবান হচ্ছে বড় দলগুলো।"
এ বিষয়টি স্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, "দলগুলো শর্ত মেনে নিবন্ধিত হয়েছে। সব কিছু একদিনে হবে না। দলগুলো ইসির কাছে সময় চাচ্ছে। অদূর ভবিষ্যতে সব আইনি বাধ্যবাধকতা মেনে নেবে রাজনৈতিক দলগুলো।"
রাজনৈতিক দলের নিবন্ধনের শর্তাবলী আরো কঠোর করা, ডিসিসি'র সংসদীয় আসনসীমাবদ্ধ রাখা, প্রস্তাবিত নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি ও জনতহবিল আইনের পক্ষে অভিমত দেন জেএসডি।
সরকারের কারণে ডিসিসি নির্বাচন ঝুলে আছে: সিইসি
শামসুল হুদা জানান, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি ইসি এককভাবে ঘোষণা করতে পারছে না। এক্ষেত্রে সরকারের মতামতেরও প্রয়োজন রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে তিন দফা মত চাওয়া হয়েছে। তারা না করেছে।
"এ নির্বাচন অনুষ্ঠানে আমাদের আগ্রহের কমতি ছিল না। পুনর্বিন্যাসের মাধ্যমে ডিসিসিকে একাধিক বিভক্তি করার বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে। সরকারের এ পদক্ষেপে নির্বাচন ঝুলে আছে।"
ঢাকায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়নে দেরিতে শুরু করা (জুন ২০০৮), আইন প্রণয়ন ও নানা জটিলতায় ২০০৭ সালে মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন করা যায়নি বলে জানান সিইসি।
বিকালে জাকের পার্টির সঙ্গে ইসির সংলাপের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/১৬০০ ঘ.
bdnews24