২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় এক পরিবারের ৩ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কে দুর্ঘটনায় একটি প্রাইভেটকার আরোহী এক পরিবারের তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 04:54 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

গাজীপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কে দুর্ঘটনায় একটি প্রাইভেটকার আরোহী এক পরিবারের তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে তেতুইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- লিটন (৪৫), তার স্ত্রী এলিস ওরফে এলিনা (৪০), ছেলে সাকিব হোসেন দিপু (৮)। দুর্ঘটনায় কারচালক জীবনও (২২) নিহত হন। লিটন পরিবারের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বেঙ্গরওহা গ্রামে। চালক জীবনের বাড়ি একই উপজেলার বানিয়াপাড়া গ্রামে। জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী প্রাইভেটকারটির সঙ্গে বিপরীতমুখী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। উল্টে সড়কের পাশে পড়ে যায় বাস ও ট্রাকটি। দুর্ঘটনায় চার জন ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়। আহত হয় ১৫ বাসযাত্রী। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলিনার বড় বোনের মেয়ের বিয়ের অনুুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার ভোরে পরিবারটি গ্রামের বাড়ি থেকে ঢাকার মিরপুরের ১৩ নম্বর সেক্টরে যাচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরএ/১৪৫৬ ঘ.