ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনে কর্মরত এমএলএসএসসহ (পিয়ন) চতুর্থ শ্রেণীর কর্মচারিদের পদবি পরিবর্তন করে অফিস সহযোগী করা এবং ২০০৬ সালের নিয়োগ বিধি করার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি।
সংগঠনটির বিশেষ প্রতিনিধি সভায় বুধবার এ দাবি জানানো হয়।
সভাপতি হিরণ মিয়ার সভাপতিত্বে সচিবালয় বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে চতুর্থ শ্রেণীর কর্মচারিদের জন্য শতভাগ সিলেকশন গ্রেড, পুলিশ ও বিডিআরের মতো রেশন ও গ্রাচ্যুয়িটি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানানো হয়।
এছাড়া সভায় সচিবালয় বহুমুখী সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সম্পাদক নিজামুল হক ভূঁইয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নিজামুল হক ভূইয়া সমিতির নেতাদের উত্থাপিত এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ অভিযোগ ষড়যন্ত্রমূলক বলেও দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৪৪ ঘ.
bdnews24