চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করলেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিজয় কুমার সিং।
বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারি একাডেমিতে ৬৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৩৫তম বিশেষ কোর্সের ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতির কুচকাওয়াজ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভারতীয় সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন এবং মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন। মেধাবী কর্মকর্তাদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বিজয় কুমার ভৌগোলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে ভারত-বাংলাদেশ ভ্রাতৃপ্রতীম দেশ উল্লেখ করে বলেন, উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক তা ভবিষ্যতেও বজায় থাকবে।
বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে এদেশের সেনা সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রেখে বিশ্বে প্রশংসিত হয়েছে।
জেনারেল বিজয় কুমার নবীন ক্যাডেটদের আগামী দিনের পরীক্ষিত যোদ্ধা হিসেবে 'চির উন্নত মম শির' স্লোগানের যথার্থতা প্রমাণের আহ্বান জানান।
কুচকাওয়াজ পরিদর্শনের সময় ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসহাব উদ্দিন, আর্টডক মেজর জেনারেল আনোয়ার হোসেন এবং বিএমএ কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আনিসুজ্জামান ভূঁইয়া।
এবার রাষ্ট্রপতির কুচকাওয়াজের মাধ্যমে ৯৭ জন ক্যাডেট কমিশন পেয়েছেন। এর মধ্যে পাঁচ জন ফিলিস্তিন সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৯২ সদস্যের মধ্যে ৭৪ জন পুরুষ এবং ১৪ জন মহিলা ক্যাডেট।
বিএমএ ৬৪ তম দীর্ঘমেয়াদি কোর্সে সিনিয়র আন্ডার অফিসার মো. রুহুল কুদ্দুস সেরা ক্যাডেট নির্বাচিত হয়ে 'সোর্ড অব অনার' এবং 'সেনাপ্রধানের স্বর্ণপদক' লাভ করেন।
কুচকাওয়াজ শেষে কমিশনপ্রাপ্ত সব ক্যাডেটদের ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩০০ ঘ.
bdnews24