নরসিংদী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর দুই উপজেলায় মঙ্গলবার নির্বাচনী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৫০ জন।
এরমধ্যে সদর উপজেলায় ভোটকেন্দ্রে একজন এবং রায়পুরা উপজেলায় নির্বাচনোত্তর সংঘর্ষে অপরজন নিহত হন।
সন্ধ্যায় সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের শ্যামতলী কেন্দ্রে এ সংঘর্ষে নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩২)।
মঙ্গলবার ছিল এ ইউনিয়নে ভোটগ্রহণের দিন।
সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ভোট গণনা শেষে শ্যামতলী কেন্দ্রের ফল ঘোষণার পর সদস্য পদপ্রার্থী মাজহারুল ইসলামের সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ বাধে।
এক পর্যায়ে মাজহারুল ইসলামের সমর্থক দেলোয়ার হোসেন মাথায় লাঠির আঘত পেয়ে আহত হন।
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
এদিকে রায়পুরা উপজেলায় নির্বাচনত্তোর সহিংসতায় একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৫০ জন।
বিকালে নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ সংঘর্ষে নিহত ব্যক্তির নাম কামাল মিয়া (৪৫)।
এ সময় ১০টি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।
পুলিশ এক নবনির্বাচিত ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে।
আহতদের মধ্যে রয়েছে- সোনাকান্দি গ্রামের মনির হোসেন (৩২), মো. মহসিন মিয়া ( ২৮), মো. মোস্তফা মিয়া (৬০), মো. ইসমাইল মিয়া (৩০), মো. কাউসার (১৮), মো. অহিদ উল্লাহ (৩০), মো. সোহেল মিয়া (২৫), মো. সবুজ মিয়া (৩৫), কবির হোসেন (২৫), আলী আকতার (৪০), মোসা. হাসিনা বেগম (২০), মো. রূপচাঁন মিয়া (৪২), কামাল মিয়া (৩০) ও আসাদ মিয়া (২৭)। বাকিদের নাম জানা যায়নি।
তাদের নরসিংদী সদর হাসপাতল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন জানান, গত শনিবার (১৮ জুন) নিলক্ষা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই নির্বাচিত ও পরাজিত প্রার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন ও বিজয়ী চেয়ারম্যান আব্দুল হক সরকারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে টেটাবিদ্ধ হয়ে কামাল মিয়ার মৃত্যু হয়।
পরে রায়পুরা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ইউপি সদস্য জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হক বলেন, গত দুই দিন ধরে গ্রামে মাইকিং করে পরিবেশ শান্ত রাখার চেষ্টা করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24