২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ধরনের শিল্পের পুনর্সংজ্ঞায়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক

ক্ষুদ্র ও মাঝারি, মাইক্রো ও কুটির শিল্পের সংজ্ঞা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ও মাঝারি, মাইক্রো ও কুটির শিল্পের সংজ্ঞা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। শিল্পনীতি ২০১০-এ দেওয়া কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংজ্ঞার আলোকে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে বলে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনুসরণের জন্য সংজ্ঞা পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মাঝারি শিল্প/উদ্যোগ উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) ক্ষেত্রে 'মাঝারি শিল্প/উদ্যোগ' বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ কোটি টাকার বেশি এবং ৩০ কোটি টাকার মধ্যে কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১০০ থেকে ২৫০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। সেবামূলক শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প/উদ্যোগ বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ এক কোটি টাকা থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানেন ৫০ থেকে ১০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। ব্যবসার ক্ষেত্রে মাঝারি শিল্প/উদ্যোগ বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ এক কোটি টাকা থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত কিংবা যেসব প্রতিষ্ঠানে ৫০ থেকে ১০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড মাঝারি শিল্পের/উদ্যোগের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি বৃহৎ শিল্পের/উদ্যোগের অন্তর্ভুক্ত হতে পারে। সেক্ষেত্রে এ কর্মকাণ্ডটি বৃহৎ শিল্পের/উদ্যোগের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। ক্ষুদ্র শিল্প/উদ্যোগ উৎপাদন ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প/উদ্যোগ বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ লাখ টাকা থেকে ১০ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ২৫ থেকে ৯৯ জন শ্রমিক কাজ করে। সেবামূলক শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প/উদ্যোগ বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠান ১০-২৫ জন শ্রমিক কাজ করে। ব্যবসার ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প/উদ্যোগ বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লাখ টাকা থেকে এক কোটি টাকা কিংবা যেসব প্রতিষ্ঠানে ১০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করে। মাইক্রো শিল্প/উদ্যোগ মাইক্রো শিল্প/উদ্যোগ বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১০ থেকে ২৪ জন বা তার চেয়ে কম সংখ্যক শ্রমিক কাজ করে। সেবামূলক শিল্পের মাইক্রো শিল্প/উদ্যোগ বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লাখ টাকার কম কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১০ জনের কম শ্রমিক কাজ করে। ব্যবসার ক্ষেত্রে মাইক্রো শিল্প/উদ্যোগ বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লাখ টাকার কম কিংবা যেসব প্রতিষ্ঠানে ১০ জনের কম শ্রমিক কাজ করে। কুটির শিল্প/উদ্যোগ কুটির শিল্প/উদ্যোগ বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লাখ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সমন্বয়ে সর্বোচ্চ জনবল ১০ জনের বেশি নয়। নারী শিল্পোদ্যোক্তা যদি কোনো নারী 'ব্যক্তি মালিকানাধীন বা প্রোপ্রাইটরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বত্ত্বাধিকারী বা প্রোপ্রাইটর হন' কিংবা 'অংশীদারী প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডারগণের মধ্যে' অন্যূন ৫১ শতাংশের মালিক হন তাহলে তিনি নারী শিল্পোদ্যোক্তা হিসেবে পরিগণিত হবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, 'এখন থেকে বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ নীতিমালা ও কার্মসূচির আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ/শিল্পের মতো কুটির ও মাইক্রো উদ্যোগ/শিল্পকে অন্তর্ভুক্ত করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২২৫০ ঘ.