২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে সোমবারের হরতাল প্রত্যাহার

বাস ভাড়া এক টাকা কমানোর প্রতিশ্রুতিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম সোমবারের হরতাল প্রত্যাহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 06:35 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

নারায়ণগঞ্জ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ভাড়া এক টাকা কমানোর প্রতিশ্রুতিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম সোমবারের হরতাল প্রত্যাহার করেছে। বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে অর্ধদিবস হরতাল ডেকেছিল এই সংগঠনটি। রোববার রাতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি এ কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, পরিবহন মালিক নেতারা বাস ভাড়া এক টাকা কমানোর ঘোষণা দেওয়ায় হরতাল প্রত্যাহার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা ব্যাখা করা হবে বলে তিনি জানান। এর আগে রোববার বিকালে হরতালের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি সেলিম ওসমান সভা করেন। এতে তিনি হরতাল ব্যবসায়ীদের পালন না করার আহবান জানান। তার অনুরোধে সভায় বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম চেঙ্গিস মঙ্গলবার থেকে বাস ভাড়া এক টাকা করে কমানোর ঘোষণা দেন। পরে রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আটককৃতদের মুক্তির বিষয়ে পুলিশের সঙ্গে ফোরাম নেতাদের বৈঠক হয়। বৈঠকে পুলিশ সুপার শেখ নাজমুল আলমের পক্ষে ওসি আকতার হোসেন বাসভাড়া এক টাকা কমানোর পরিপ্রেক্ষিতে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানান এবং আটকদের ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩১ ঘ.