২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবিতে চাকরির নামে প্রতারণা, কারাগারে ৫ জন

বর্ডার গার্ড বাংলাদেশ-এ চাকরি দেওয়ার নামে পঞ্চাশ জনের কাছ থেকে ৭৫ লাখ টাকা আত্মসাত ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার পাঁচজনের জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 06:25 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশ-এ চাকরি দেওয়ার নামে পঞ্চাশ জনের কাছ থেকে ৭৫ লাখ টাকা আত্মসাত ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার পাঁচজনের জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। রোববার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাদেরকে করাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন নাকচ করেন বিচারক। এছাড়া সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হোসনে আরাকে (৩৮) পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত জামিন মঞ্জুর করেন একই বিচারক। গত ১৫ জুন এই পাঁচজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা হওয়ার পর আদালতের নির্দেশে নিউমার্কেট থানা অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করে। মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত চান। শনিবার তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে হাজির করা হয়। হেফাজতের আবেদনে বলা হয়, সুষ্ঠু তদন্ত ও প্রতারক চক্রের অন্য সদস্যদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারের জন্য এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কুষ্টিয়া জেলার মিরপুর থানার ধুবুইল গ্রামের মো. ইমরান হোসেন (২২) বাদী হয়ে এ মামলা করেন। পরদিন থানা কর্তৃপক্ষ অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করে। পাঁচ আসামি হলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের ৪৪ ব্যাটালিয়নের সৈনিক করিম ওরফে মমতাজ, জামালপুর জেলার মাদারগঞ্জের দীঘলকান্দি গ্রামের শাহ আলম (৪২), রাজধানীর ৩৩/৩ নূরজাহান রোডের সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী এম এ কুদ্দুস ওরফে ফিরোজ (৪৮), ক্যান্টনমেন্ট থানার ১৩২ মানিকদী বাজারের আকতার হোসেন (৪৫) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের মেজর পরিচয় দানকারী শরীফ ওরফে শফিক (৪৫)। মামলার আরজিতে বলা হয়, আসামিরা ২০১০ সালের ১৫ অক্টোবর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী 'বিডিআর'এ চাকরি দেওয়ার নাম করে এ বছরের ৬ জানুয়ারি থেকে ২৪ ফেব্র"য়ারি পর্যন্ত বাদীসহ পঞ্চাশ জনের কাছ থেকে জনপ্রতি দেড় লাখ টাকা করে হাতিয়ে নেয়। আসামিরা ওই প্রতিষ্ঠানের ৭৯ তম ব্যাচে জালিয়াতির মাধ্যমে বাদীসহ পঞ্চাশ জনকে নিয়োগপত্র দেয়। পরে প্রতারক চক্র ও আসামিরা পরস্পরের যোগসাজসে বাদীসহ অন্যদের এ বছরের ১৭ ফেব্র"য়ারি একটি করে চিঠি পাঠায়। ওই চিঠি ১ মার্চ বাদির হাতে আসে। চিঠিতে বাদীসহ প্রতরণার শিকারদের উল্টো বলা হয়, "আপনি প্রতারক চক্রের সদস্যদের দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের অর্থের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ রাইফেলসে নিয়োগ দিতে বাধ্য করেন। এটা সামরিক বাহিনীর দণ্ডবিধির ৩০৬/গ ধারা মোতাবেক রাষ্ট্রবিরোধী কাজ। এর সঙ্গে জড়িত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া গেল।" চিঠির নিচের অংশে কর্নেল পরিচয় দিয়ে এস এম একরামুল হক, পরিচালক প্রশাসন এর স্বাক্ষর ছিল। আরজিতে আরো বলা হয়, পরে বাদী গত ২৬ এপ্রিল ঢাকার পিলখানা সদর দপ্তরে যান। তিনি বিজিবি'র গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ঘঁনাটি জানান এবং তাদের সাহায্য চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২৩৫০ ঘ.