নীলফামারী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনের প্রচারণাকালে এক প্রার্থীর সমর্থককে মারধরের জেরে চারঘণ্টা সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
রোববার বিকাল ৩টা থেকে কয়েকশ' মানুষ জলঢাকা-রংপুর, জলঢাকা-নীলফামারী ও জলঢাকা-ডালিয়া সড়ক অবরোধ করে রাখে।
পরে জলঢাকা থানার ওসি দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে সন্ধ্যাা ৭টায় তারা অবরোধ তুলে নেয়।
আগামী ২৯জুন জলঢাকা পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এতে ফাহমেদ ফয়শাল চৌধুরী দেওয়াল ঘড়ি এবং ইলিয়াস হোসেন বাবলু আনারস প্রতীক নয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফাহমেদ ফয়শাল চৌধুরী অভিযোগ করেন, দুপুর ১টার দিকে তার ৬/৭ জন মহিলা কর্মী নির্বাচনী প্রচারণায় কাজরিহাট তিনবট এলাকায় গেলে প্রতিপক্ষের কর্মীরা তাদের কাছ থেকে হ্যান্ডবিল নিয়ে ছিঁড়ে ফেলে এবং তাদের মারধর করে।
এতে বগুলাগাড়ি এলাকার মরিয়ম বেগম (৩৫), জোসনা বেগম (৫২), বাচ্চাই বিবি (৫৫), সালমা বেগম (৩৫), ফুল বেগম (৫৮) ও তমিজন বেগম (৪৭) আহত হন।
তারা জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে তমিজন বেগম বাদী হয়ে জলঢাকা থানায় ছয়জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
জলঢাকা থানার ওসি শেখ লেনিন আলমগীর বলেন, অভিযোগটি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৯ ঘ.
bdnews24