ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্্রকে একটি স্বায়ত্বশাসিত সংস্থায় পরিণত করা এবং জাতীয় পল্লী উন্নয়ন পদক প্রবর্তনে নীতি প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার তার কার্যালয়ে জাতীয় পল্লী উন্নয়ন পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বেশ কিছু বিষয়ের ওপর বিস্তারিত আলোচনার পর বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্্রকে স্বায়ত্বশাসন দিতে একটি নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংস্থাটির কার্যক্রম স্থগিত ছিল।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, সার্বিক ও টেকসই জাতীয় উন্নয়নে সরকারের পল্লী উন্নয়ন কার্যক্রম জোরদার করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক অগ্রগতিতে পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, "আমরা টেকসই জাতীয় উন্নয়নের জন্য পল্লী উন্নয়ন নিশ্চিত করতে চাই এবং এ লক্ষ্যে আমরা বিশেষ করে পল্লী অঞ্চলে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি।"
শেখ হাসিনা বলেন, সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জনগণকে উন্নত জীবনযাত্রা উপহার দিতে নিরলসভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য পল্লী উন্নয়নের কোন বিকল্প নেই। এ জন্য বর্তমান সরকার 'একটি বাড়ি একটি খামার', 'আশ্রয়ন প্রকল্প' ও 'পল্লী আবাসন প্রকল্প'সহ পল্লী এলাকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব উপজেলায় 'মাস্টার প্ল্যান' বাস্তবায়নে সরকারের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এসব পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২১৬ ঘ.
bdnews24