ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুগ্ধশিল্প খামারিদের জন্য স্বল্পসুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
রোববার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে অনুষ্ঠিত দুগ্ধশিল্পের উন্নয়নে করণীয়-বাজেট প্রতিক্রিয়া শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিউিনিটি বেজড ডেইরি ভ্যাটেরিনারি ফাউন্ডেশন (সিডিভিএফ) এ সেমিনারের আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, দুগ্ধখাতকে কৃষিখাতের মত করে গড়ে তুলতে হবে। তা হলে কৃষিখাতের মত সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা সহজ হবে।
অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানুষ অধিক হারে পুষ্টিহীনতার শিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশের প্রায় ৩১ ভাগ মানুষ দরিদ্র। অনেক পরিবারে শিশুরা রয়েছে যারা হয়তো মাসেও এক কাপ দুধ খায় না। ফলে তাদের জন্য পুষ্টি নিশ্চিত করা অনেক কঠিন। দারিদ্র্য দূর না হলে সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। দুগ্ধশিল্পের উন্নয়নের সাথে দারিদ্র্য দূরীকরণেরও সুযোগ রয়েছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মিল্কভিটা প্রতিষ্ঠা করেছিলেন এ দেশের মানুষের পুষ্টি চাহিদা পুরণের সাথে সাথে এর মাধ্যমে দেশের উন্নয়ন ও পরিচিতি তুলে ধরতে। কিন্তু সে লক্ষ্য অর্জিত হয় নি। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও মিল্কভিটা তা কাজে লাগাতে পারে নি।
গুড়োদুধ আমদানি করে কোনভাবেই আমাদের দেশের খামারিদের স্বার্থ সংরক্ষন করা সম্ভব নয় উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, গত বছর বাজেটে খামারিদের স্বার্থে গুড়োদুধ আমদানির ওপর শুল্ক কমানোর উদ্যোগ বন্ধ করা গিয়েছিল। এ বছরও এ বিষয়ে আমরা কাজ করবো। শুধু তাই নয়, এ শিল্পের খামারিরা যাতে কৃষি খাতের মত সুবিধা পায় তারও চেষ্টা করা হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বার্কের নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীর, সিডিভিএফ-এর চেয়ারম্যান ড. মো. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির চেয়ারম্যান হাসিবুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে দুগ্ধশিল্পের উন্নয়ন সম্ভাবনা ও করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ শামছুদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২২২০ ঘ.
bdnews24