ঠাকুরগাঁও, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও জেলা সদরের সাথে সব উপজেলার বাস চলাচল বন্ধ রয়েছে।
মিনিবাস চালকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকায় বাস বন্ধ রয়েছে।
রবিবার দুপুর ২টা থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
আকস্মিক বাস বন্ধ হয়ে যাওয়ায় শত শত যাত্রী দুর্ভোগে পড়ে। পথিমধ্যে আটকা পড়ে অসংখ্য যাত্রী।
মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পর্যবেক্ষণের জন্য সদর উপজেলার জামালপুর ও মোহাম্মদপুর এলাকার ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। পথে শিবগঞ্জ মোড়ে বিপরীত দিক থেকে আসা জামান পরিবহন নামের একটি মিনিবাস জেলা প্রশাসকের গাড়িকে ধাক্কা দেয়।
পুলিশ বাস চালক রমজান আলীকে আটক করে বেধড়ক মারধর করে।
এ খবর ছড়িয়ে পড়লে বাস শ্রমিকরা উত্তেজিত হয়ে ঠাকুরগাঁও টাঙ্গন ব্রিজ এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পৌর মেয়র এসএমএ মঈন ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন বাবু এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
তবে তারা জেলার অভ্যন্তরীণ রুটে দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়।
আব্দুর রাজ্জাক জানান, চালক রমজান পুলিশের নির্যাতনে গুরুতর জখম হয়েছেন। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান জানান, খুব বেপরোয়া গতিতে বাসটি ছুটে আসছিল। আর একটু হলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতো। অল্পের জন্য আমরা বেঁচে গেছি।
পুলিশ সুপার শাহ আলম জানান, অদক্ষ চালকের কারণে জেলা প্রশাসক এবং নির্বাচনী দল দুর্ঘটনার কবলে পড়ে। ওই চালকের বৈধ কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১২৮ ঘ.
bdnews24