ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষিকা রুমানা মনজুর দেশে ফেরার পর তার স্বামী হাসান সাইদকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম।
রোববার দ্বিতীয় দফায় একদিন হেফাজতে রাখার অনুমতি পাওয়ার পর তিনি এ কথা জানান।
গত ৫ জুন স্বামীর নির্যাতনে চোখ ও নাকে মারত্মক জখম হন রুমানা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় করা মামলার ১০ দিনের মাথায় গত ১৫ জুন সাইদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তিনি বলেন, ঘটনার দিন ফেইসবুকের বন্ধুতালিকা থেকে এক ইরানি যুবকের নাম মুছে ফেলাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে রুমানা আঘাত চোখে নাকে আঘাত পেয়েছে। সাইদের দাবি, ওই ইরানি ছেলের সঙ্গে রুমানার বিয়ে-বহির্ভূত সম্পর্ক ছিলো।
উপ-কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রুমানা মঙ্গলবার দেশে ফিরবেন। তার সঙ্গে কথা বলার পর দ্বিতীয় দফায় সাইদকে জিজ্ঞাসাবাদ করা হবে।"
সাইদ হামলার কথা স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, "কোন মুহূর্তে এবং কীভাবে হামলা করেছে সে ব্যাপারেও কথা বলা হবে। এ ক্ষেত্রে রুমানার সঙ্গে কথা বলে পুরো বিষয়টিকে সমন্বয় করা হবে।"
এর আগে দুই দিনের হেফাজত শেষে রুমানা হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী সাইদকে দ্বিতীয় দফায় আরো ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান একদিনের হেফাজত মঞ্জুর করেন।
হেফাজত আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, রুমানা মঞ্জুুরের ফেইসবুক ও ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতেন আসামি। ওই অ্যাকাউন্টগুলি পরীক্ষা করার জন্য তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন।
তবে হেফাজত আবেদনের বিরোধিতা আসামির আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী বলেন, প্রয়োজনে কারাফটকে সাবধানে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হোক। পুলিশ তাকে রিমান্ডে পিটিয়েছে।
রুমানাকে নির্যাতনের ঘটনাটি 'খুন-খারাবি নয়' মন্তব্য করে মনোয়ার ইসলাম বলেন, আবার রিমান্ডের যৌক্তিকতা নেই। "তিনি [রুমানা মঞ্জুর] পশ্চিমা স্টাইলে জীবনযাপন করতেন। স্ত্রীর পরকীয়ার কারণে আসামি অসুস্থ হয়ে পড়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/এএল/জেকে/২০৪৯ ঘ.
bdnews24