ঢাকা, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিজয় কুমার সিং পাঁচ দিনের সরকারি সফরে রোববার ঢাকা পৌছেছেন।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল সাড়ে ৩টায় ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে ঢাকা পৌঁছান বিজয় কুমার সিং। তার স্ত্রী ভারতী সিং ও ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন।
বিমানবন্দরে ভারতীয় সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া কমান্ডার, লজিস্টিক এরিয়া মেজর জেনারেল শেখ মামুন খালেদ।
আইএসপিআর জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী প্রধান এই সফরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আগামী ২২ জুন বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে (বিএমএ) অনুষ্ঠেয় 'পাসিং আউট' প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন তিনি।
১৯৭১ সালে একজন নবীন অফিসার হিসেবে মিত্রবাহিনীর হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন জেনারেল বিজয় কুমার সিং। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের মধ্যে কেবল তিনিই এখন চাকরিরত আছেন।
এর আগে ১৯৯৮ সালে বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধান প্রয়াত জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে দেরাদুনে ভারতীয় মিলিটারি অ্যাকাডেমির (আইএমএ) পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
আগামী ২৩ জুন ভারতীয় সেনাপ্রধানের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২০২৪ ঘ.
bdnews24