ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
মামলা দায়েরের প্রায় ১৫ বছর পর রোববার অব্যাহতি পেলেন তিনি। একইসঙ্গে তার কথিত বান্ধবী মরিয়ম মমতাজকেও এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ অব্যাহতির আদেশ দেন।
মামলার অভিযোগ করা হয়েছিল, এরশাদ রাষ্ট্রপতি থাকার সময় লন্ডনপ্রবাসী জনৈক সামছুল হুদার মেয়ে মরিয়ম মমতাজ মেরীর মাধ্যমে ১০ মিলিয়ন ডলার (তৎকালীন ৩১ কোটি টাকা) বিদেশে পাচার করেছেন।
রোববার আদেশ দেওয়ার সময় এরশাদ বা মরিয়ম কেউই আদালতে হাজির ছিলেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তাদের আইনজীবী হারুনুর রশীদ।
রাষ্ট্রপতি থাকার সময় লন্ডনে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় এরশাদ এবং মরিয়ম মমতাজের অব্যাহতি সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি কয়েকবার পিছিয়ে বৃহষ্পতিবার অনুষ্ঠিত শুনানি হয়।
মামলা দায়েরের ১৫ বছর পর গত ১০ ফেব্র"য়ারি আদালতে মামলার চূড়ান্ড প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রাম মোহন নাথ। এতে বলা হয়, এরশাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ প্রমাণিত হয়নি।
এরপর সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ ও লন্ডনপ্রবাসী মরিয়ম মমতাজ মেরীকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়।
১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আক্তারুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১২৪৬ ঘ.
bdnews24