বরগুনা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরকীয়ার অভিযোগে জুতাপেটা হওয়া বরগুনার এক গ্রামের সেই গৃদবধূর সন্ধান মেলেনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য স্বপন খানকে পুলিশ আটক করেছে বলে উপ-পরিদর্শক (এসআই) বাদল জানান।
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামের ওই গৃহবধূ বুধবার রাতে বরগুনা সদর হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন।
পরকীয়া প্রেমের অভিযোগ তুলে গত রোববার রাতে বান্দরগাছিয়ায় ইউপি সদস্য বারি আজাদ ওরফে স্বপন খানের নেতৃত্বে সালিশ বৈঠকে ওই গৃহবধূকে জুতাপেটা ও বেত দিয়ে প্রহার করা হয়। একইসঙ্গে কথিত প্রেমিক বশির উদ্দিনকেও জুতাপেটা করা হয়।
গৃহবধূ অসুস্থ হয়ে পড়লেও তাকে বিনা চিকিৎসায় স্থানীয় একটি ঘরে আটকে রাখা হয়।
বরগুনা থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ আছে, গৃহবধূকে (৩০) নির্যাতনকারী ইউপি সদস্য স্বপন খান বুধবার সন্ধ্যায় ৩০/৩৫ জন সহযোগীকে নিয়ে হাসপাতাল থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গেছেন।
প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারে কোনো ব্যবস্থা না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বরগুনার বিভিন্ন নাগরিক সংগঠন।
শনিবার বিকালে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক হাওলাদারের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে পড়েন।
তিনি বলেন, "তাকে (গৃহবধূকে) একবার এনে আমি হাসপাতালে ভর্তি করেছি এখন সমঝোতা করে চলে গেলে তাকে খুঁজে আনা তো আমার কাজ নয়। আমাদের আরো কাজ আছে।"
বিষয়টি সমঝোতা হয়েছে তা কি আপনি নিশ্চিত-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "না, আমি ধারণা করছি এমনটা হয়েছে, না হয় হাসপাতাল থেকে চলে গেল কেন।"
তাকে জোর করে তুলে নিয়েছে বলে অভিযোগ রয়েছে বলা হলে ওসি বলেন, সেটা তাকে কেউ জানায়নি।
শুক্রবার ওই গৃহবধূর বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে গিয়ে বাড়ির কাউকে পাওয়া যায়নি।
ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, ইউপি সদস্য স্বপন খান ও তার লোকজন নির্যাতিত গৃহবধূকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে বলে তিনিও শুনেছেন। কিন্তু বৃহস্পতিবার মেয়েটির বাড়িতে লোক পাঠিয়ে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিনি বলেন, বিষয়টি খুবই উদ্বেগের।
বরগুনা জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর পাশের শয্যার রোগী ও তাদের আত্মীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর কয়েকজন লোক এসে জোরপূর্বক ওই গৃহবধূকে হাসপাতাল থেকে নিয়ে যায়। এসময় ওই ব্যক্তিরা গৃহবধূর ভাইদেরকে নানাভাবে শাসিয়েছেন। এদের মধ্যে একজন ইউপি সদস্য বলে নিজের পরিচয় দিয়েছেন।
হাসপাতাল থেকে গৃহবধূকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল মান্নান জানিয়েছেন।
শুক্রবার গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ইউপি সদস্য স্বপন ওই গৃহবধূকে হাসপাতাল থেকে তুলে এনেছেন- এ বিষয়টি এলাকার সবাই জানে। কিন্তু তুলে আনার পর তিনি কোথায় আছেন সে বিষয়ে কেউ নিশ্চিত হতে পারছে না।
গ্রামবাসীর ধারণা, ইউপি সদস্য স্বপন খান বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য গৃহবধূকে অন্যত্র লুকিয়ে রাখতে পারেন।
এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনিচুর রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরগুনা জেলা সভাপতি অধ্যক্ষ রাজিয়া বেগম, নাগরিক ফোরামের জেলা সভাপতি সুখরঞ্জন শীল। তার এ ঘটনায় প্রশাসনের নিস্ক্রিয়তাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।
নির্যাতিত গৃহবধূকে অবিলম্বে উদ্ধার করে এবং দোষী ইউপি সদস্য স্বপন খানকে আইনের আওতায় এনে এ ঘটনার সুষ্ঠু বিচার করার দাবি জানিয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/পিডি/২৩৫৬ ঘ.
bdnews24