২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ প্রতিষ্ঠান থেকে ইউনূসকে পদচ্যূত করার দাবি

গ্রামীণ ব্যাংকের ৩৬টি সহযোগী প্রতিষ্ঠান থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পদচ্যুত করার দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদ ও গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি নামের দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ৩৬টি সহযোগী প্রতিষ্ঠান থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পদচ্যুত করার দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদ ও গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি নামের দুটি সংগঠন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটির পক্ষে এ দাবি জানানো হয়। গ্রামীণ ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের নিয়ে নির্যাতিত কর্মী পরিষদ গঠিত। সংবাদ সম্মেলনে পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আনিসুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে থাকতে না পারলেও সহযোগী প্রতিষ্ঠানগুলোতে স্বপদে বহাল থাকতে ইউনূস দৌড়াদৌড়ি শুরু করেছেন। এসব প্রতিষ্ঠানে ইউনূস টিকে গেলে এগুলো তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবে। তিনি দাবি করেন, এরই মধ্যে ইউনূস এসব প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছেন। আনিসুর রহমান বলেন, এই প্রতিষ্ঠানগুলোতে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাই কাজ করেন। সেখানে চাকুরিরত সবার নিয়োগই গ্রামীণ ব্যাংকের নামে। সংগঠনের সভাপতি মো. মাসুম সরকার পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬০ বছর বয়স অতিক্রমের এক দশক পরও ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকতে চান। অথচ তিনি দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধা পাওয়ার উপযোগী প্রায় ৮ হাজার কর্মকর্তা কর্মচারীকে ষাট বছর পূর্ণ হওয়ার আগেই চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। এদের অনেকের প্রাপ্যও বুঝিয়ে দেওয়া হয়নি। তিনি বলেন, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণসহ গ্রামীণ ব্যাংকের সহযোগী সব প্রতিষ্ঠানে ইউনূস এখনো চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। সহযোগী প্রতিষ্ঠানের মোট সংখ্যা ৫৪টি হলেও বর্তমানে ৩৬টি সচল আছে বলে জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি তুলে ধরেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি কেএম শহীদুল হক। দাবিগুলোর মধ্যে রয়েছে, গ্রামীণ ব্যাংক সংক্রান্ত পর্যালোচনা কমিটির সুপারিশ বাস্তবায়ন, চাকরিচ্যুতদের পুনর্বহাল, নতুন পরিচালন পরিষদ গঠন, সহযোগী প্রতিষ্ঠানগুলোকে গ্রামীণ ব্যাংকের আওতায় নিয়ে আসা, ইউনূসের জন্য এখনো বহাল গ্রামীণ ব্যাংকের সব সুযোগ সুবিধা প্রত্যাহার। মাসুম সরকার আরো বলেন, আগামী ডিসেম্বরে বর্তমান পরিচালনা পরিষদের দায়িত্বকাল শেষ হবে। অক্টোবর থেকে নতুন পরিচালনা পরিষদ নির্বাচনের কাজ শুরু হবে। সেই নির্বাচনে আমরা বিকল্প প্রার্থী নিয়ে মাঠে নামার চিন্তা করছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/১৭২০ ঘ.