খুলনা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মিছিলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাধা দেওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের হাতে গাড়ি ভাংচুরের ঘটনায় শুক্রবার খুলনা সদর থানায় ১৮ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
জেলার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা ইজিবাইকচালক আনোয়ার হোসেন বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শ্রমিকদলের ১৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরো ৩০/৪০জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলাটি করেছেন।
'তদন্তের স্বার্থে' পুলিশ আসামিদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছে।
খুলনা সদর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, তদন্তের স্বার্থে আসামিদের নাম গণমাধ্যমকর্মীদের দেওয়া সম্ভব হচ্ছে না। তবে দুই একদিনের মধ্যে তা জানানো হবে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা প্রাইভেটকার, মাইক্রোবাস এবং ইজিবাইক ও দোকানপাট ভাংচুর করে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখাসহ বিভিন্ন দাবিতে ১২ জুন থেকে সারাদেশে ৩৬ ঘণ্টা হরতাল ডাকে বিএনপি। ওই হরতাল চলাকালে ঢাকাসহ সারাদেশে বিএনপি কর্মীদের তাৎক্ষণিক সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
সাজা ও পুলিশি 'নিপীড়নের' প্রতিবাদে ১৫ জুন ঢাকায় এবং ১৬ জুন সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩২৭ ঘ.
bdnews24