নারায়ণগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
হামলায় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন এক এসআই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪ রাউন্ড গুলি ছুঁড়েছে।
শুক্রবার ভোর ৩টায় উপজেলার নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে গ্রেপ্তারের ভয়ে কালাপাহাড়িয়ার কদমীর চর এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন- এসআই রফিকুল ইসলাম ও আহসান। আহত অপর দুই পুলিশ সদস্যের নাম জানা যায়নি।
নিখোঁজ হয়েছেন এসআই নাসির সিরাজী।
আড়াইহাজার হাজার থানার এসআই মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, রাত ২টায় তিন এসআইসহ থানার ২৫ পুলিশের একটি দল কদমীর চর এলাকায় আসামি ধরতে যায়।
গ্রেপ্তার করা হয় ওই গ্রামের আলম (৪০), আহসানউল্লাহ (২৫), ফিরোজ (৪৫) ও শফিকুলকে (২০)।
তাদের নিয়ে ট্রলারযোগে ফেরার পথে মেঘনা নদীর কালাপাহাড়িয়া এলাকায় একটি বালুবাহী ট্রলারে এসে আসমিপক্ষের ৪০/৫০ জন লোক ইটপাটকেল, টেঁটা, বল্লম, দা ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসআই আশরাফুজ্জামান আরো বলেন, আক্রান্ত হওয়ার পর পুলিশ ১৪ রাউন্ড শর্টগান ও পিস্তলের গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা বালুবাহী ট্রলারটি নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশের ট্রলার খাগকান্দাঘাটে ফেরত আসার পর এসআই নাসির সিরাজী নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়।
ঘটনার পর পুলিশ সুপার শেখ নাজমুল আলমসহ নিখোঁজ এসআই নাসির সিরাজীর স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। ভোর থেকে ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদীতে এসআই নাসির সিরাজীর সন্ধানে অভিযান চালায়। রাতেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এসআই আশরাফুজ্জামান জানান, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী একেএম ফাইজুল হক ডালিমের সমর্থক হলো গ্রেপ্তার চার আসামি। তাদের মধ্যে দু'জনের বিরুদ্ধে হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, আসামিদের ছাড়িয়ে নেওয়ার জন্য আসামিপক্ষের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এতে দুই এসআইসহ ৪ জন আহত হয়েছে। পুলিশ ১৪ রাউন্ড গুলি ছুঁড়েছে। নিখোঁজ এসআইকে উদ্ধারের জন্য ট্রলার নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24