২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলীয় ৬ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় ছয় জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় ছয় জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাট ও খুলনা জেলায় জোয়ারের পানি তিন থেকে ছয় ফুট বেড়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজার, ভোলা ও বরগুনায় বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। বাগেরহাটে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। নিম্নচাপের প্রভাবে শুক্রবার সারাদিন বৃষ্টিপাত হয়েছে এসব স্থানে। বয়ে গিয়েছে ঝড়ো হাওয়া। কক্সবাজারে জোয়ারের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ - কক্সবাজার: সদর, চকরিয়া, পেকুয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার উপকূলীয় এলাকা অন্তত ৩ ফুট পানিতে প্লাবিত হয়েছে। শতাধিক গ্রামে পানি ঢুকেছে। এতে কাঁচা ঘরবাড়ি, ফসল, পানের বরজ ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মহেষখালী ও শাহপরীর দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইনুদ্দিন জানান, মশেখালীর ধলঘাটা দ্বীপের বেড়িবাঁধের ভাঙা অংশ, কুতুবদিয়ার বায়ু বিদ্যুৎ এলাকার বেড়িবাঁধ, কক্সবাজার সদর উপজেলার খুরুশখুল, চৌফলদন্ডি, পেকুয়া উপজেলার মগনামা এলাকায় বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ রোধ করতে দিনরাত কাজ চলছে। তবে মহেশখালীর মাতারবাড়িসহ কয়েকটি এলাকার বেড়িবাঁধ উপচিয়ে সাগরের পানি প্রবেশ রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তিনি জানান, গত দুইদিন ধরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়েছে। শহরের সমিতি পাড়া উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোস্তফা সরওয়ার জানান, পৌর এলাকার ১৬টি মহল্লা বৃহস্পতিবার ও শুক্রবার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। তিনি জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে পৌর এলাকার পশ্চিম কুতুবদিয়া পাড়ার আনোয়ার হোসেনের ২ বছরের শিশু কন্যা লিজা মণি (পুতুনি) গুরুতর অসুস্থ হয়। উদ্ধারে পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন জানান, উপজেলার ৩০টি গ্রাম ডুবে গেছে। সাগরের লোনা পানি ডুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, ছয় ইউনিয়নের অন্তত ৫০ গ্রামের ১০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। শত শত পুকুর এবং বিস্তীর্ণ এলাকার লবণ ঘের পানিতে ডুবে গেছে। প্রায় ১০ হাজার হেক্টর ফসলি জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। এই দ্বীপের চারপাশে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি সরাসরি লোকালয়ে ঢুকে পড়েছে বলে তিনি জানান। কক্সবাজারের আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত আবহাওয়াবিদ শহিদুল ইসলাম জানান, গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করলেও দমকা হাওয়া ও বৃষ্টিপাত শনিবার দুপুর পর্যন্ত চলতে পারে। তবে বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পটুয়াখালী: স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। অভ্যন্তরীণ রুটেও নৌযান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে জেলার সর্বত্র দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়ার সঙ্গে হচ্ছে বৃষ্টি। এতে দেড় থেকে দুই ফুট পানিতে তলিয়ে গেছে লঞ্চঘাট, পুরানবাজার, কাঠপট্টি, চকবাজার, সদর রোড এলাকা। রাতে কলাপাড়ার সুলতানগঞ্জ গ্রামের একটি স্লুইস গেট এবং বেড়িবাঁধ পানির তোড়ে ভেঙে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সাগর উত্তাল থাকায় শতশত মাছধরা ট্রলার মহিপুর আলীপুর খালে আশ্রয় নিয়েছে। ভোলা: জেলায় শুক্রবার সারাদিন বৃষ্টিপাত হয়েছে। বেড়িবাঁধ ভেঙে ২০টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, দৌলতখান উপজেলার দুইটি এবং বোরহানউদ্দিনের দুইটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে ১০টি গ্রামে পানি প্রবেশ করেছে। এছাড়া সদর উপজেলার কাচিয়া, ইলিশা ও রাজাপুরের বেড়িবাঁধ ভেঙে আরো ১০ গ্রাম প্লাবিত হয়েছে, বলেন তিনি। এসব এলাকায় জোয়ারের পানি স্বভাবিকের চেয়ে ৩/৪ ফুট উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে তিনি জানান। এদিকে ভোলা ফেরিঘাটের ইনচার্জ শিহাব উদ্দিন জানান, ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাট বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে। আবহাওয়া একটু ভাল হলে আবার চালু করা হবে। বরগুনা: বরগুনার পাঁচ উপজেলায় পায়রা ও বিষখালী নদীর বেড়িবাঁধে দশটি স্থানে ভেঙে শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ইরি ক্ষেত। অন্তত পঁচশ' মানুষ পানিবন্দি হয়েছে। বাঁধ ভেঙে গেছে সদর উপজেলার বুড়িরচর, নিশানবাড়িয়া, আমতলীর তেতুলবাড়িয়া, পশ্চিম ঘটখালী, পাথরঘাটার পদ্মা, তাফালবাড়ি, মীরা বাড়ি, বেতাগীর আলিয়াবাদ, বামনার খোলপটুয়া ও রামনা এলাকায়। বরগুনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট বৃদ্ধি পেয়েছে। বাগেরহাট: জোয়ারের পানিতে শুক্রবার বাগেরহাট শহরসহ বাঁধ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বাঁধের বাইরের শতশত পরিবার। পানির চাপে সদর ও শরখোলা উপজেলায় বেড়িবাঁধে দেখা দিয়েছে ফাটল। তবে মংলা বন্দরে জাহাজে মালামাল ওঠানামার কাজ স্বাভাবিকভাবে চলেছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম বলেন, শরণখোলার বলেশ্বর নদের উপর নির্মিত বেড়িবাঁধের বাইরের রাজেশ্বর গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাঁধের একাধিক স্থান অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি ৫ থেকে ৬ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ফাটল থেকে এবং কোনো কোনো স্থানে বাঁধ উপচে পানি ঢুকে এ দুটি বাঁধ সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার সকাল থেকে স্থানীয় গ্রামবাসী এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে মেরামতের কাজ করছে। বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, জোয়ারের পানি ঢুকে শহরের মেইনরোড, প্রধান বাজার, ফলপট্টি, নাগেরবাজার, বাসাবাটি, কাজী নজরুল ইসলাম সড়কসহ একধিক এলাকা প্লাবিত হয়েছে। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক জানান, বন্দরে ছয়টি জাহাজ অবস্থান করছে। জাহাজগুলোতে মালামাল ওঠানামার কাজ স্বাভাবিকভাবে চলছে। সাতক্ষীরা: দু'দিনের বর্ষণে জেলার সুন্দরবন সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জোয়ারের সময় পানির প্রবল চাপে ভেড়িবাঁধ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আইলা উপদ্রুত গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই দুই ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম ও আমজাদুল ইসলাম জানান, বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বিশেষ করে রিং বাঁধগুলি যেকোনো সময় ধ্বসে পড়তে পারে বলে জানান তারা। সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, নি