২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষিকার মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জে বাসের ধাক্কায় আহত এক স্কুলশিক্ষিকা বৃহস্পতিবার গভীর রাতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জে বাসের ধাক্কায় আহত এক স্কুলশিক্ষিকা বৃহস্পতিবার গভীর রাতে মারা গেছেন। ফাতেমা বেগম (৫৮) নামের ওই শিক্ষিকা রাত ২টার দিকে কাকরাইল ইসলামি ব্যংক সেন্ট্রাল হাসপাতালে মারা যান বলে পুলিশ জানিয়েছে। তিনি বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন। দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা ফাতেমার স্বামী মৃত আবদুল জলিল। বাসা মিরহাজির বাগে। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ জুন দুপুরে দয়াগঞ্জ ধোলাইপাড় সংযোগ সড়কে সালসাবিল পরিবহনের বাসের ধাক্কায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ফাতেমা। সেখানে তার অবস্থার অবনতি হলে স্বজন তাকে ইসলামি হাসপাতালে ভর্তি করালে ফাতেমা সেখানে মারা যান। এসআই বলেন, বাসচালক মো. মাসুমকে (২২) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাসটি থানায় আটক রয়েছে। নিহতের ভাই মোবারক হোসেন জানান, নিহত ফাতেমার দুটি ছেলে রয়েছে। এদিকে, শুক্রবার বিকাল ৫টায় দিকে হাউজ বিল্ডিংয়ের সামনে রাস্তা পাড় হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত কামাল হোসেন (২৫) নামে এক যুবক সন্ধ্যায় হাসপাতালে মারা গেছেন। পথচারীরা তাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, যুবকের মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে। নিহতের বাড়ি পুরান ঢাকার জিন্দাবাহারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯১০ ঘ.